বাসস
  ২৮ মার্চ ২০২৬, ১২:১২

ইয়েমেন থেকে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা

ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মত ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

ইরানের মিত্র হুতি বিদ্রোহীরা যুদ্ধে যোগ দেওয়ার হুমকি দেওয়ার পরই এটি ঘটলো।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে।

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘ইয়েমেন থেকে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। হুমকি প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।’

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ দ্বিতীয় মাসে প্রবেশের পর এই প্রথমবার ইয়েমেন থেকে হামলার কথা জানাল তেল আবিব।

তবে ইসরাইলে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত প্রতিহত করা হয়েছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শুক্রবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা অব্যাহত থাকলে তারা যুদ্ধে যোগ দেবে। তাদের মিত্র ইরানে হামলা অব্যাহত থাকলে বা সংঘাতে আরও দেশ যুক্ত হলে তারাও পাল্টা পদক্ষেপ নেবে।

অতীতে আঞ্চলিক সংঘাতের জেরে লোহিত সাগরে চলাচল করা জাহাজে হামলা চালায় হুতিরা। তবে চলমান যুদ্ধে তারা এখন পর্যন্ত সরাসরি জড়ায়নি।

গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য আমরা প্রস্তুত।’

তারা সতর্ক করে জানায়, যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান অভিযানে অন্য দেশ যুক্ত হলে বা লোহিত সাগরকে ‘শত্রুতামূলক কর্মকাণ্ডে’ ব্যবহার করা হলে তারা পদক্ষেপ নেবে।