বাসস
  ২৮ মার্চ ২০২৬, ১১:০৮

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আরব আমিরাতে আগুন

ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ (বাসস) : ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের একটি শিল্পাঞ্চলে আগুন লাগার খবর পাওয়া গেছে। শনিবার ভোরে এই অগ্নিকান্ড ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

দুবাই থেকে এএফপি এ খবর জানায়।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া ক্রজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। আঞ্চলিক যুদ্ধ শুরুর এক মাস পর উপসাগরীয় অঞ্চলে তেহরান হামলা জোরদার করছে।

আবুধাবি সরকারের গণমাধ্যম দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, খলিফা ইকোনমিক জোনস এলাকায় দুটি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ।

আরও বলা হয়, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে সেটির ধ্বংসাবশেষ ভূপাতিত হয়ে এসব আগুনের সূত্রপাত হয়।