শিরোনাম

ঢাকা, ২৭ মার্চ, ২০২৬ (বাসস): নেতিবাচক প্রতিযোগিতা এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় বলে আজ শুক্রবার প্রকাশিত এক বিবৃবিতে জানানো হয়েছে।
চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারকে এ মনোভাব প্রকাশ করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের দুই মাসেরও কম সময় আগে, গতকাল বৃহস্পতিবার ক্যামেরুনের রাজধানীতে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর একটি মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে দু’জন বৈঠক করেন।
বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, ওয়াং মার্কিন বাণিজ্য প্রতিনিধি গ্রিয়ারকে বলেন, ‘চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুপাক্ষিক ও আঞ্চলিক অর্থনৈতিক এবং বাণিজ্য সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।’
তিনি বলেন, এই দুই পরাশক্তিকে অবশ্যই ‘প্রতিযোগিতা ও সহযোগিতার মধ্যকার সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করতে হবে’ এবং ‘ক্ষতিকর প্রতিযোগিতা এড়াতে হবে।’
গত বছর বিশ্বের দু’টি বৃহত্তম অর্থনীতি একটি তিক্ত বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ে এবং গত অক্টোবরে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।
এই মাসে প্যারিসে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেংয়ের মধ্যে উচ্চ-পর্যায়ের আলোচনাও উত্তেজনা প্রশমনে সাহায্য করেছে।
তা সত্ত্বেও, মার্কিন শুল্ক, চীনের অনুকূলে থাকা বাণিজ্য ভারসাম্য এবং উন্নত প্রযুক্তি রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিষয় সম্পর্কের জন্য হুমকি হয়ে রয়েছে।
ওয়াং গতকাল বৃহস্পতিবার সম্প্রতি ঘোষিত মার্কিন বাণিজ্য তদন্তের বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন, যা নতুন শুল্ক আরোপের আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে।
ওয়াশিংটনের এই বাণিজ্য তদন্ত চীনসহ ৬০টি অর্থনীতিকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে এবং এতে ‘জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা’ এবং এই ব্যর্থতাগুলো মার্কিন বাণিজ্যের ওপর বোঝা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কি না, তা খতিয়ে দেখা হবে।
হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সফরের সময় কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়া হলেও ট্রাম্প আগামী ১৪ থেকে ১৫ মে বেইজিং সফর করবেন বলে আশা করা হচ্ছে।