বাসস
  ২৭ মার্চ ২০২৬, ১৪:০৭

গরম আবহাওয়া ও জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় ১ সপ্তাহ ছুটি ঘোষণা

ঢাকা, ২৭ মার্চ, ২০২৬ (বাসস): ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সরকারি কর্মচারীদের জন্য এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছেন। গরম আবহাওয়ার কারণে দেশটিতে জ্বালানি সংকট আরো প্রকট হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দক্ষিণ আমেরিকার দেশটি বছরের পর বছর ধরে প্রায়শই বিদ্যুৎ রেশনিং করেছে এবং ইস্টারের সময় জ্বালানি সাশ্রয়ের জন্য কর্মদিবস সংক্ষিপ্ত করেছে ও স্কুল বন্ধ রেখেছে।

রদ্রিগেজ বলেন, ‘এই পবিত্র সপ্তাহে আমি সমগ্র শিক্ষাখাতের জন্য সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্রবার ছুটি ঘোষণা করছি।’

তিনি আরো বলেন, মন্ত্রণালয়গুলোকেও বিদ্যুৎ সাশ্রয় পরিকল্পনার অংশ হিসেবে ছুটি নিতে হচ্ছে। ভেনেজুয়েলা ইতোমধ্যেই প্রায় ৪৫ দিন ধরে তীব্র তাপমাত্রার সম্মুখীন হয়েছে।

তিনি আরো বলেন, প্রয়োজনীয় সেবা বা জরুরি পরিষেবাগুলো এতে প্রভাবিত হবে না।

গত ৩ জানুয়ারি মার্কিন সামরিক বাহিনী নিকোলাস মাদুরোকে গ্রেফতার করার পর থেকে রদ্রিগেজ ভেনেজুয়েলার নেতৃত্ব দিয়ে আসছেন।