বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১২:৫০
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১২:৫৩

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৯

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত নয় জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বুধবার প্রকাশিত খবরে এ কথা বলা হয়।

ইসরাইলের এই হামলায় সিডন এলাকার একটি শহর ও একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলায় ছয় জন ও অপর আরেক শহরে আরও তিন জন নিহত হন। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ইসরাইল। 

২ মার্চ হিজবুল্লাহর রকেট হামলার পর, যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানে হামলার জেরে শুরু হওয়া আঞ্চলিক যুদ্ধে লেবাননকে টেনে আনায় এই অভিযান তীব্রতর হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, আদলুন শহরে ‘ইসরাইলি শত্রুর হামলায়’ চার জন নিহত হয়েছেন। মিয়েহ মিয়েহ শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্টে ইসরাইলের হামলায় আরও দুই জন নিহত ও চার জন আহত হন।

এনএনএ এর আগে জানায়, দক্ষিণ লেবাননের অন্য এলাকায়, হাব্বুশ শহরে ইসরাইলি হামলায় অন্তত তিন জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

তবে তারা এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননে স্থলবাহিনী একটি অস্ত্র গুদাম ধ্বংস করেছে। বিমান বাহিনী লক্ষ্যবস্তু এলাকা থেকে পালিয়ে যাওয়া কয়েকজন সন্ত্রাসীকে হত্যা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, হিজবুল্লাহর একাধিক কমান্ড সেন্টার ধ্বংস করা হয়েছে, যেখানে বিপুল অস্ত্র মজুদ ছিল। 

তবে এ সব স্থানের নির্দিষ্ট অবস্থান উল্লেখ করা হয়নি।

অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবানন ও ইসরাইলের ভেতরে তাদের বাহিনীকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। 

তবে সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, এক সামরিক মুখপাত্র বৈরুতের দক্ষিণ উপ-শহরে আসন্ন হামলার সতর্কতা দেন। হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় যুদ্ধ চলাকালে একাধিকবার হামলা হয়েছে।

ইসরাইলি মুখপাত্র আভিচাই আদরাই অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, উপ-শহরজুড়ে হিজবুল্লাহর ‘সামরিক অবকাঠামো’ লক্ষ্য করে ক্রমবর্ধমান শক্তিতে হামলা চালানো হচ্ছে।

তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেন, ‘নিরাপত্তার লক্ষ্যে আপনাদের অবিলম্বে এলাকা ছেড়ে যেতে হবে।’

প্রায় দুই দশক দক্ষিণ লেবানন দখলে রাখার পর ২০০০ সালে সেখান থেকে সরে যায় ইসরাইল। দেশটি জানিয়েছে, সীমান্ত এলাকা থেকে প্রায় ৩০ কিলোমিটারের ভেতরে লিতানি নদী পর্যন্ত নিয়ন্ত্রণ নেবে তাদের সেনাবাহিনী।

লেবানন কর্তৃপক্ষ জানায়, ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৭২ জন নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ১০ লক্ষাধিক মানুষ।

অন্যদিকে ইসরাইলে, বারবার সাইরেন বেজে ওঠায় মানুষকে আশ্রয় কেন্দ্রে যেতে হচ্ছে, লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে মঙ্গলবার এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।