শিরোনাম

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : কলম্বিয়া জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধাপে ধাপে বন্ধ করার লক্ষ্যে একটি বৈশ্বিক জোট গঠনের পরিকল্পনা করছে। দেশটির পরিবেশমন্ত্রী ইরেনে ভেলেজ গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন।
আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক বৈঠকে এই উদ্যোগ নেওয়া হবে জানা গেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কলম্বিয়া ও নেদারল্যান্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ব ‘চরম জ্বালানি সংকট’-এর মুখে পড়েছে। ভেলেজ বলেন, এই পরিস্থিতি তেলের দাম বাড়িয়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকটের আশঙ্কা তৈরি করেছে।
ভেলেজ এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, কলম্বিয়ার লক্ষ্য হলো এমন দেশগুলোর একটি জোট গঠন করা, যারা জীবাশ্ম জ্বালানি সম্পূর্ণভাবে বাদ দিতে আগ্রহী এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত।
তিনি জানান, আগামী ২৮ ও ২৯ এপ্রিল সান্তা মার্তা শহরে অনুষ্ঠেয় এই বৈঠকে ইতোমধ্যে ৪৫টি দেশ অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। অংশগ্রহণকারীদের মধ্যে ইউরোপ ও উত্তর আমেরিকার বড় জ্বালানি উৎপাদনকারী দেশগুলোও থাকবে। তবে তিনি বিস্তারিত তথ্য দেননি।
গত বছরের কপ৩০ সম্মেলনের সময় (ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত) এই বৈঠকের আয়োজন করা হয়। প্রায় ২০০টি দেশের মধ্যে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে ঐকমত্যের অভাব থাকায় আগ্রহী দেশগুলো এই উদ্যোগ নেয়, কারণ, এটি গ্রিনহাউস গ্যাস নির্গমনের অন্যতম প্রধান উৎস।
ভেলেজ বলেন, তিনি আশা করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম, যিনি একজন ডেমোক্র্যাট এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে জলবায়ু নীতিমালা শিথিল করার বিরোধিতায় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এই সম্মেলনে অংশ নেবেন।
এদিকে, কপ৩০-এর ব্রাজিলীয় সভাপতিত্ব গত ২০২৫ সালের শেষ দিক থেকে জীবাশ্ম জ্বালানি ধাপে ধাপে বন্ধ করার একটি আন্তর্জাতিক রোডম্যাপ তৈরিতে কাজ করে আসছে।
এটি আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠেয় পরবর্তী আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে উপস্থাপন করা হবে।