বাসস
  ২৪ মার্চ ২০২৬, ১৪:০০

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩

ঢাকা, ২৪ মার্চ, ২০২৬ (বাসস) : ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার এই রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। 

এই হামলায় ইউক্রেনের পোলতাভায় দুই জন ও জাপোরিঝিয়ায় একজনসহ মোট তিন জন নিহত হয়েছে। এছাড়াও এই হামলায়  বেশ কয়েকজন আহত হয়েছে। 

দেশটির আঞ্চলিক সামরিক প্রশাসন এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, ওডেসা অঞ্চল ছাড়া ইউক্রেনের বাকি সব জায়গায় ভোররাতে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।

পোলতাভা আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভিতালি দিয়াকিভনিচ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানান, ‘পোলতাভা এলাকায়  রাশিয়ার হামলায় আবাসিক ভবন ও একটি হোটেলের ক্ষতি হয়েছে এবং এতে আগুন লেগে গেছে।

তিনি বলেন, রাশিয়ার হাশলায় দুই ব্যক্তি  নিহত এবং সাত জন আহত হয়েছেন।

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ বলেন, ইউক্রেনের আরও দক্ষিণে জাপোরিঝিয়ায় একটি ‘ব্যাপক সম্মিলিত’ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

ফেদোরভ টেলিগ্রামে পোস্ট বলেন, ‘এই হামলায় এক ব্যক্তি নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন।  জাপোরিঝিয়ায় রাতের  হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে।’

তিনি আরও জানান, হামলায় ছয়টি  আবাসিক ভবন ও দুটি ব্যক্তিগত বাড়ি, একটি দোকান, অনাবাসিক ভবন ও একটি শিল্প অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার প্রাক্কালে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দৈনিক টেলিভিশন ভাষণে সতর্ক করে বলেন যে, আমাদের গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে যে রাশিয়া একটি ব্যাপক হামলার প্রস্তুতি নিতে পারে।