বাসস
  ২৪ মার্চ ২০২৬, ১৩:২১

বৃহস্পতিবার থেকে জাতীয় মজুতের তেল ছাড়বে জাপান: প্রধানমন্ত্রী

ঢাকা, ২৪ মার্চ, ২০২৬ (বাসস) : জাপান গত সপ্তাহে মজুত তেল ব্যবহার শুরু করার পর আগামী বৃহস্পতিবার থেকে তার কৌশলগত তেল মজুদের আরও একটি অংশ ছাড়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। 

দেশটির প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার জানান, গত সপ্তাহে তেল মজুত ব্যবহার শুরু করার পর এবার আরও মজুত তেল বাজারে ছাড়া হবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘সমগ্র জাপানের জন্য প্রয়োজনীয় পরিমাণ নিশ্চিত করতে আমরা ২৬ মার্চ থেকে রাষ্ট্রীয় তেল মজুত ছাড়ব।’

এর আগে গত সোমবার টোকিও বেসরকারি খাতের ১৫ দিনের তেল মজুত ছাড়ার কাজ শুরু করে।

তাকাইচি আরও জানান, সরকারিভাবে সংরক্ষিত এক মাসের সমপরিমাণ তেল মজুতও ছাড়ার পরিকল্পনা রয়েছে।

জাপান তার প্রায় ৯৫ শতাংশ তেল আমদানির জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল।

দেশটির কৌশলগত তেল মজুত বিশ্বের অন্যতম বৃহৎ এবং ডিসেম্বর পর্যন্ত এটি ৪০ কোটি ব্যারেলেরও বেশি ছিল।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যবৃদ্ধি সামাল দিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর সদস্যরা ১১ মার্চ তেলের মজুত ব্যবহারের বিষয়ে সম্মত হয়—এটি এ ধরনের সবচেয়ে বড় সমন্বিত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।