বাসস
  ২২ মার্চ ২০২৬, ১৬:৩১

জার্মানির প্রাদেশিক ভোটে পরীক্ষার মুখে মের্ৎসের রক্ষণশীলরা

ঢাকা, ২২ মার্চ, ২০২৬ (বাসস) : জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন অব জার্মানি (সিডিইউ) রোববার পশ্চিমাঞ্চলীয় রাইনল্যান্ড-পালাটিনেট প্রদেশের নির্বাচনে কঠিন পরীক্ষার মুখে পড়েছে। 

বর্তমানে প্রদেশটি শাসন করছে মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।

জাতীয় পর্যায়ে জোটসঙ্গী হওয়া সত্ত্বেও, এই প্রদেশে এসপিডি’র ওপর সামান্য ব্যবধানে জনমত জরিপে এগিয়ে রয়েছে মের্ৎেসের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ)। 

মাঝারি আকারের এই প্রদেশ গত ৩৫ বছর ধরে এসপিডি’র নিয়ন্ত্রণে রয়েছে।

জার্মানির মেইঞ্জ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)। 

সেপ্টেম্বরে সাবেক পূর্ব জার্মান অঞ্চলের বিভিন্ন প্রাদেশিক নির্বাচনে দলটি দুই মূলধারার দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

প্রায় ৪০ লাখ মানুষের বসবাস রাইনল্যান্ড-পালাটিনেটে। ফ্রান্স, বেলজিয়াম ও লুক্সেমবার্গের সীমান্তঘেঁষা এই প্রদেশ তার খাড়া নদী উপত্যকা, আঙুরের বাগান ও দুর্গের জন্য পরিচিত।

এখানে ভারী শিল্পও রয়েছে। ইস্পাত কারখানা ও রাসায়নিক খাতের জায়ান্ট বিএএসএফসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া বড় রামস্টেইন বিমানঘাঁটিসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিও এখানে অবস্থিত।

প্রদেশের ৫২ বছর বয়সী এসপিডি প্রধানমন্ত্রী আলেকজান্ডার শভাইটজার বর্তমান জোট—গ্রিনস ও লিবারেল ফ্রি ডেমোক্র্যাটদের—টিকিয়ে রাখার লক্ষ্য নিয়ে প্রচার চালিয়েছেন।

তবে জরিপ বলছে, সিডিইউ’র শীর্ষ প্রার্থী ৫০ বছর বয়সী গর্ডন শ্নাইডার ১৯৯১ সালের পর প্রথমবারের মতো দলটিকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে পারেন।

সিডিইউ’র জয়  মের্ৎসের জন্য বড় প্রেরণা হতে পারে। 

সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তা কমে যাওয়া ও দীর্ঘ স্থবিরতার পর ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি পূরণে তিনি চাপে রয়েছেন।

রাইনল্যান্ড-পালাটিনেটে সিডিইউ’র প্রধান প্রার্থী গর্ডন শ্নাইডার হলেন মের্ৎসের জাতীয় পরিবহন মন্ত্রী প্যাট্রিক শ্নাইডারের ভাই।
শুক্রবার এক প্রচারসভায়  মের্ৎস বলেন, ‘আমরা জিততে চাই। জিতলে আমরা খুশি হব।’

তবে তিনি জোর দিয়ে বলেন, এসপিডি’র সম্ভাব্য জয় জাতীয় পর্যায়ে দুই দলের ওপর সরকারি সহযোগিতাকে প্রভাবিত করবে না।

তিনি আরও বলেন, ‘পরের দিনই আমি এসপিডি নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাব, কীভাবে আমরা একসঙ্গে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারি।’