শিরোনাম

ঢাকা, ২২ মার্চ, ২০২৬ (বাসস) : ইরানের হামলার জবাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে সংযুক্ত আরব আমিরাত। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
এক বিবৃতিতে বলা হয়, ‘ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি মোকাবিলায় বর্তমানে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা আসলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার ফল।’
ইরান দীর্ঘদিন ধরে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে, তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে হামলা চালাতে দিচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে চলমান যুদ্ধে ইরান ওই দেশগুলোতে যুক্তরাষ্ট্রের স্বার্থ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।
তবে উপসাগরীয় দেশগুলো এসব অভিযোগ অস্বীকার করেছে। যুদ্ধ শুরুর আগেই তারা জানিয়েছে, ইরানের বিরুদ্ধে হামলার জন্য তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।
শনিবার হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত উদ্যোগে ২১টি দেশের সঙ্গে যোগ দেয় সংযুক্ত আরব আমিরাত।
এই জোটে ইউরোপের বেশিরভাগ দেশ রয়েছে। এছাড়া বাহরাইনও এতে অন্তর্ভুক্ত।
জোটটি এক বিবৃতিতে উপসাগরে নিরস্ত্র বাণিজ্যিক জাহাজের ওপর সাম্প্রতিক হামলা, তেল ও গ্যাস স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোয় আঘাত এবং ইরানের বাহিনীর মাধ্যমে হরমুজ প্রণালীর কার্যত অবরোধের তীব্র নিন্দা জানায়।
বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে চলাচল করে। ইরানের এই অবরোধ এবং মধ্যপ্রাচ্যে তেল-গ্যাস স্থাপনায় হামলার কারণে জ্বালানির দাম বেড়েছে।