বাসস
  ২২ মার্চ ২০২৬, ১২:১৩

‘প্রযুক্তিগত ত্রুটিতে’ কাতারের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ মার্চ, ২০২৬ (বাসস) : ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে কাতারের জলসীমায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ রোববার ভোরে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার। হেলিকপ্টারটির ক্রু ও যাত্রীদের খুঁজতে উদ্ধার তৎপরতা চলছে।

খবর, বার্তা সংস্থা এএফপি’র।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিয়মিত দায়িত্ব পালনের সময় কাতারের একটি হেলিকপ্টারে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। ফলে সেটি দেশটির আঞ্চলিক জলসীমায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটির ক্রু ও যাত্রীদের সন্ধানে অনুসন্ধান অভিযান চলছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমে একাধিক বিশেষায়িত দল মোতায়েন করা হয়েছে।

হেলিকপ্টারটি কোথায় যাচ্ছিল বা এতে কতজন আরোহী ছিলেন-এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানায়নি কাতার।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর কাতার একাধিক হামলার লক্ষ্যবস্তু হলেও ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলা ঘিরে চলমান সংঘাতের সঙ্গে এই দুর্ঘটনার কোনো যোগসূত্র পাওয়া যায়নি।