শিরোনাম

ঢাকা, ২১ মার্চ, ২০২৬ (বাসস): যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে শুক্রবার আঘাত হানা অস্বাভাবিক তাপপ্রবাহ জলবায়ু বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করে তুলেছে।
শীতকাল শেষ হতে না হতেই এমন তাপপ্রবাহ সম্পর্কে তারা বলছেন যে ৫০০ বছরে একবার ঘটে এমন ঘটনা। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, এটি প্রায় নিশ্চিতভাবেই মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফল।
লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সপ্তাহজুড়েই তাপমাত্রা পূর্বের সর্বোচ্চ রেকর্ড ভাঙছে এবং সপ্তাহের শেষে তা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
পশ্চিমের শহরগুলো ছাড়িয়ে তাপদাহ ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
ক্যালিফোর্নিয়া-অ্যারিজোনা সীমান্তসংলগ্ন মরু এলাকায় চারটি স্থানে শুক্রবার তাপমাত্রা ৪৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মার্চ মাসে যুক্তরাষ্ট্রে এটি নতুন জাতীয় রেকর্ড।
স্থানগুলো অ্যারিজোনার ইউমা শহরের কাছে মার্টিনেজ লেক এবং ক্যালিফোর্নিয়ার উইন্টারহেভেন ও ওগিলবি এলাকার আশপাশে অবস্থিত।
ইতোমধ্যে ৬৫টি শহরে মার্চের নতুন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে আইডাহো পর্যন্ত এই তালিকায় রয়েছে বলে জানিয়েছে ওয়েদার ডটকম।
ডেথ ভ্যালিতে বৃহস্পতিবার তাপমাত্রা পৌঁছায় সেলসিয়াসে ৪০ ডিগ্রি। সাধারণত ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন সান ফ্রান্সিসকোতে তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসে উঠে ঐতিহাসিক মার্চ রেকর্ড স্পর্শ করেছে আর কলোরাডোতে স্কিয়াররা খালি গায়ে স্কি করছেন।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় চরম তাপ সতর্কতা জারি করেছে।
এতে লস অ্যাঞ্জেলেস ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে মরুভূমির জুয়ার শহর লাস ভেগাসও অন্তর্ভুক্ত।
বিশ্বের জলবায়ু বিজ্ঞানীদের সংগঠন ‘ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন’ এক প্রতিবেদনে বলেছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন না হলে, বছরের এই সময়ে এমন তাপপ্রবাহ প্রায় অসম্ভব।
তারা আরও জানায়, তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকা সত্ত্বেও, এ ধরনের ঘটনা এতটাই বিরল যে প্রায় ৫০০ বছরে একবার এমনটা ঘটার কথা।