বাসস
  ০৩ জানুয়ারি ২০২৬, ১২:১০

কঙ্গোতে আইএস সংশ্লিষ্ট যোদ্ধাদের হামলায় নিহত ১৪

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সঙ্গে যুক্ত একটি মিলিশিয়া বাহিনী কঙ্গোর তিনটি গ্রামে হামলা চালিয়েছে। তাদের ওই হামলায় অন্তত ১৪ জন মারা গেছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার সামরিক ও স্থানীয় সূত্র এ তথ্য জানিয়েছে।  

খবর বার্তা সংস্থা এএফপি’র।

অ্যালায়েড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ)) রাতে উত্তর কিভু প্রদেশের উত্তর-পশ্চিম এলাকায় এই হামলা চালায়। স্থানীয় নেতা ম্যাকায়ার সিভিকুনুলা বলেন, ‘এডিএফ’র অনুপ্রবেশে একই সাথে তিনটি গ্রামে আক্রমণ করেছে।’

তিনি বলেন, রাত ৮টা থেকে ১০টার মধ্যে গুলির শব্দে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং গুলিতে ১৫ জন নিহত এবং ১৩টি বাড়ি পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা এএফপিকে এই প্রাণঘাতী হামলার সত্যতা নিশ্চিত করেছেন। কঙ্গোর সেনাবাহিনী জানিয়েছে, ওই হামলায় তাদের দুই সৈন্য নিহত হয়েছে।

এই অঞ্চলের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট মার্ক এলংগো এফপিকে বলেন, ‘বাপেরা সেক্টরে এডিএফ সন্ত্রাসীরা অনুপ্রবেশ করেছে এবং তাদের হামলায় ১৪ জন নিহত হয়েছে। যার মধ্যে ১২ জন বেসামরিক নাগরিক এবং ২ জন সেনা রয়েছে।’

উগান্ডার সাবেক বিদ্রোহীদের সমন্বয়ে গঠিত এডিএফ ১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে উত্তর-পূর্ব কঙ্গোতে অবস্থান করছে এবং হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

উগান্ডার সৈন্যরা ২০২১ সাল থেকে এডিএফ-এর বিরুদ্ধে লড়াই করার জন্য কঙ্গোর সেনাবাহিনীর সাথে মোতায়েন করা হয়েছে, তবে যৌথ অভিযান সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হয়েছে।

এডিএফ অরক্ষিত বেসামরিক নাগরিকদের আক্রমণ করে আসছে।