বাসস
  ০৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৯

অক্টোবর ৭ হামলা থেকে বেঁচে যাওয়া ইহুদি পরিবারের সঙ্গে সমঝোতায় পৌঁছাল বিবিসি

ঢাকা, ৩ জানুয়ারি ২০২৬ (বাসস) : হামাসের ৭ অক্টোবরের হামলা থেকে বেঁচে যাওয়া দক্ষিণ ইসরায়েলের এক ইহুদি পরিবারের বাড়িতে অনুমতি ছাড়া সংবাদচিত্র ধারণের ঘটনায় ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসি ওই পরিবারের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে বলে শুক্রবার জানিয়েছে।

২০২৩ সালের হামলার পরের দিনগুলোতে বিবিসি’র সাংবাদিক ও ক্যামেরাম্যানদের একটি দল হোরেনস্টেইন পরিবারের বিধ্বস্ত বাড়িতে প্রবেশ করে চিত্র ধারণ করে। 

ওই দলের মধ্যে জ্যেষ্ঠ সংবাদদাতা জেরেমি বাউয়েনও ছিলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। 

বিবিসির একজন মুখপাত্র বলেন, ‘আমরা সাধারণত নির্দিষ্ট আইনি বিষয়ে মন্তব্য করি না, তবে এই মামলায় একটি সমঝোতায় পৌঁছাতে পেরে আমরা সন্তুষ্ট।’

টজিলা ও সাইমন হোরেনস্টেইন এবং তাদের দুই ছোট সন্তান হামলার সময় প্রাণে বেঁচে যান। হামাসের সশস্ত্র সদস্যরা তাদের বাড়ির দরজা বিস্ফোরক দিয়ে ভাঙার চেষ্টা করলেও দরজাটি বেঁকে গিয়ে আটকে যায়।

তবে যেদিন সংবাদ কর্মীদের দলটি ওই পরিবারের ধ্বংসপ্রাপ্ত বাড়িতে চিত্র ধারণ করে এবং ওই সময়ে পরিবারটির বহু বন্ধু ও আত্মীয় জানতেন না যে তারা আদৌ জীবিত আছেন কি-না।

ইহুদি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে টজিলা হোরেনস্টেইন বলেন, হামাস যোদ্ধারা শুধু তাদের বাড়িতে ঢুকে তাদের হত্যা করারই চেষ্টা করেনি। উপরন্তু এর পর বিবিসি’র একটি দল ফের ওই বাড়িতে প্রবেশ করে। তারা কোনো ধরনের অনুমতি বা সম্মতি ছাড়াই ক্যামেরাকে অস্ত্র বানিয়ে বাড়িতে ঢুকে পড়ে।

তিনি আরও বলেন, এই দ্বিতীয় ‘অনুপ্রবেশে’ পরিবারটি এমন অনুভূতির মধ্যে পড়েছিল যে, ‘আমাদের নিয়ন্ত্রণে যা কিছু অবশিষ্ট ছিল, সব কিছুই যেন আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে।’

ইহুদি নিউজের খবরে বলা আরও হয়, বিবিসি পরিবারটিকে প্রায় ২৮ হাজার পাউন্ড (প্রায় ৩৭ হাজার ডলার) ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারিতে ক্যাপিটলে তার সমর্থকদের হামলার আগে দেওয়া একটি ভাষণ যেভাবে সম্পাদনা করা হয়েছিল, তা নিয়ে বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। 

তিনি এই মামলায় ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।

২০২৫ সালের নভেম্বর মাসে ওই সম্পাদনা বিতর্কের জেরে বিবিসির মহাপরিচালক টিম ডেভি পদত্যাগের ঘোষণা দেন।

অন্যদিকে, যুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকম অক্টোবরে বিবিসির বিরুদ্ধে রায় দেয়। 

পরে জানা যায় যে একটি প্রামাণ্যচিত্রে যে বর্ণনাকারী কণ্ঠ ব্যবহার করা হয়েছিল, সে হামাসের একজন কর্মকর্তার ছেলে। 

কিন্তু এই তথ্য বিবিসি প্রকাশ করেনি।

অফকম জানায়, এই গোপন তথ্য ‘গুরুত্বপূর্ণ মাত্রার প্রতারণার উৎস’ হিসেবে বিবেচিত, যা সম্পাদকীয় পক্ষপাতের অভিযোগকে আরও জোরালো করেছে।

হামাসের ৭ অক্টোবরের হামলার পর গাজায় ভয়াবহ যুদ্ধ শুরু হয়। 

ইসরায়েল ও হামাসের মধ্যে ১০ অক্টোবর থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।