বাসস
  ২২ আগস্ট ২০২৬, ১৩:০১

ভিন্ন দেশের ভিডিও ছড়িয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশে প্রকাশ্যে কুপিয়ে হত্যা দাবি করে ছড়ানো ভিডিওটি মিথ্যা ও বিভ্রান্তিকর, ভিন্ন দেশের ভিডিও দিয়ে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশে প্রকাশ্যে কুপিয়ে হত্যা দাবি করে ছড়ানো ভিডিওটি ভারতের।

সম্প্রতি বাংলাদেশে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে- এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। ভারতের উত্তর প্রদেশের গোরখপুরে গত ৮ আগস্ট শিবকুমার ত্রিপাঠী নামের এক ব্যক্তিকে অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে বের করে কুপিয়ে হত্যা করেছে দুই হামলাকারী। ভিডিওটি মূলত সেই ঘটনার।

অনুসন্ধানে, ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া’র ওয়েবসাইটে এ সংক্রান্ত  একটি প্রতিবেদন খঁজে পাওয়া যায়। প্রতিবেদনের ফিচার ইমেজের সঙ্গে আলোচিত দাবি করে প্রচারিত ভিডিওর একটি নির্দিষ্ট কী-ফ্রেমের মিল রয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, গত ৮ আগস্ট ভারতের গোরখপুরে শিবকুমার ত্রিপাঠী নামের এক ব্যক্তিকে অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে বের করে কুপিয়ে হত্যা করেছে দুই হামলাকারী। এই বিষয়ে ভাস্কর এবং দ্য ওয়্যার-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িনো আলোচিত দাবিটি মিথ্যা বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।