বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১১:১৩

এআই দিয়ে তৈরি ‘পিংক বাস’ দুর্ঘটনার ছবি ছড়িয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : ‘পিংক বাস’ এক্সিডেন্ট করেছে দাবি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) টুলস দিয়ে তৈরি ছবি ছড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ‘পিংক বাস’ এক্সিডেন্ট করেছে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে তৈরি ছবি প্রচার করা হয়েছে। আগের বাস দুর্ঘটনার ছবিকে এআই দিয়ে ‘পিংক বাস’ বানিয়ে অপপ্রচার চালানো হয়েছে।

উল্লেখ্য, নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি। পিংক রঙের বাসগুলোতে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরাই। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হয়েছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম ‘বাংলাফ্যাক্ট’ নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।