বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ১৭:১০

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

ছবি : বাংলাফ্যাক্ট

ঢাকা, ১৬ আগস্ট , ২০২৬ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে অপপ্রচার সনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্ধৃত করে ‘শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিল বলেই আজ এত লোডশেডিং! জনগণকে কষ্ট দিতেই ফ্যাসিস্ট সরকার এই ‘অপরাধ’ করে গেছে।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ইকবাল হাসান মাহমুদ এমন কোনো মন্তব্য করেননি। কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে ভুয়া এই মন্তব্য প্রচার করা হচ্ছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।