শিরোনাম

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : এআই সৃষ্ট ভিডিও ছড়িয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের দাবি করে ছড়ানো ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।