বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৫

নুরুল হক নুরের বিষয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দাবি করে সোশ্যাল মিডিয়ায় ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন- উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় একটি তথ্য ছড়িয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর তথ্যটি সঠিক নয়। বরং মৌলভীবাজার-১ আসনের (বড়লেখা-জুড়ি) গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আব্দুন নুর প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।

'বাংলা ফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।