বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৯

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সহজ করতে ডিএসইর ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের ইউনিট ক্রয় ও রিডেম্পশন প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে ওয়েবভিত্তিক অর্ডার কালেকশন সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এ লক্ষ্যে গত সোমবার ডিএসইর উদ্যোগে সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রস্তাবিত ব্যবস্থার মাধ্যমে ডিএসইর প্ল্যাটফর্মে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট ক্রয় ও বিক্রয় বা রিডেম্পশনের জন্য একটি সমন্বিত ও স্বয়ংক্রিয় ব্যবস্থা গড়ে তোলা হবে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. নাফিজ আল তারিক। এ সময় বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহমুদুল হক, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার সাইয়িদ মাহমুদ জুবায়েরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসইসি কমিশনার নাফিজ আল তারিক ডিএসইর উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রস্তাবিত প্ল্যাটফর্মটি দেশের মিউচুয়াল ফান্ড শিল্পের বিকাশ এবং বিনিয়োগকারীদের কার্যকর সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনিয়োগকারীদের প্রবেশাধিকার বাড়াতে প্রযুক্তিনির্ভর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, বিনিয়োগকারীদের সমন্বিত সুবিধা নিশ্চিত করা এবং বিনিয়োগের সুযোগে বৈচিত্র্য আনতে এক্সচেঞ্জকে আধুনিকায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে ডিএসই। প্রস্তাবিত প্ল্যাটফর্ম মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকে আরও সহজ, সুবিধাজনক ও স্বচ্ছ করবে।

কর্মশালায় প্রস্তাবিত সিস্টেমের বিভিন্ন বৈশিষ্ট্য ও কার্যক্রমের কাঠামো তুলে ধরেন ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার সাইয়িদ মাহমুদ জুবায়ের।

প্রস্তাবিত প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীরা ডেস্কটপ ও মোবাইল উভয় মাধ্যম ব্যবহার করে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট ক্রয় ও রিডেম্পশন করতে পারবেন। ইউনিট বিক্রয় ও রিডেম্পশন সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজারের ঘোষিত বা নির্ধারিত মূল্যে সম্পন্ন হবে।

এ কার্যক্রম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী পরিচালিত হবে। ডিএসইর স্টক ব্রোকাররা সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজারের সেলিং বা ডিলিং এজেন্ট হিসেবে বিনিয়োগকারীদের ইউনিট বিক্রয় ও রিডেম্পশন কার্যক্রমে সহযোগিতা করবেন।

ডিএসই আশা করছে, এ উদ্যোগের ফলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের প্রবেশাধিকার সহজ হওয়ার পাশাপাশি পুঁজিবাজারের অবকাঠামো আধুনিকায়ন ও বিনিয়োগের সুযোগ বৈচিত্র্যকরণে ইতিবাচক ভূমিকা রাখবে।