শিরোনাম

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : সাংহাই স্টক এক্সচেঞ্জে বুধবার লেনদেন শুরুর প্রথম দিনেই চীনের রোবোটিকস খাতের অগ্রগামী প্রতিষ্ঠান ইউনিট্রির শেয়ারের দাম ৬০০ শতাংশের বেশি বেড়েছে। এর আগে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে কোম্পানিটি ৯০ কোটি ডলারের বেশি অর্থ সংগ্রহ করে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
হ্যাংঝৌ-ভিত্তিক এই কোম্পানির শেয়ারের দাম লেনদেন শুরুর সময় সর্বোচ্চ ৬২৯ শতাংশ বেড়ে ১,১০০ ইউয়ানে উঠেছিল। আইপিওতে শেয়ারটির নির্ধারিত মূল্য ছিল ১৫০ দশমিক ৮০ ইউয়ান। পরে দাম কিছুটা কমে প্রায় ৯০০ ইউয়ানে নেমে আসে।
চীনের রোবোটিকস শিল্পের দ্রুত বিকাশে সরকারি সহায়তা এবং শক্তিশালী অভ্যন্তরীণ সরবরাহব্যবস্থার কারণে ইউনিট্রির তৈরি রোবটগুলো দেশটির এই খাতের অগ্রযাত্রার অন্যতম প্রতীক হয়ে উঠেছে।
সোমবার কোম্পানিটি ‘সুপারম্যান’ নামে নতুন একটি মানবসদৃশ রোবট বা হিউম্যানয়েড রোবট উন্মোচন করে। ইউনিট্রি জানিয়েছে, রোবটটি দুই মিটার পর্যন্ত লাফ দিতে এবং প্রতি সেকেন্ডে ১২ দশমিক ৬৬ মিটার গতিতে দৌড়াতে সক্ষম।
গত বছর চীনের বার্ষিক বসন্ত উৎসবের জমকালো অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ইউনিট্রি ব্যাপক আলোচনায় আসে।
অনুষ্ঠানে ঐতিহ্যবাহী চীনা পোশাক পরা কোম্পানিটির দক্ষ রোবটগুলোকে ব্যাকফ্লিপ বা পেছনের দিকে ডিগবাজি দিতে, কুংফু প্রদর্শন করতে এবং টেবিলের ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়।
চীন সরকার রোবোটিকস খাতকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে ঘোষণা করেছে। দেশটির সরকার জানিয়েছে, গত বছর পর্যন্ত চীনের ১৪০টিরও বেশি কোম্পানি ৩৩০টির বেশি হিউম্যানয়েড রোবটের মডেল বাজারে এনেছে।
রোবোটিকস কোম্পানিগুলো এখন ‘ফিজিক্যাল এআই’ প্রযুক্তি উন্নয়নে বিপুল বিনিয়োগ করছে। এই প্রযুক্তির মাধ্যমে রোবটগুলো মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই নিজেদের চারপাশের পরিবেশের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে চলাফেরা ও মিথস্ক্রিয়া করতে পারে।