শিরোনাম

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস): দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্যাপক বিক্রিচাপের মুখে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।
এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪০ দশমিক ৬৪ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৩ দশমিক ৬৩ পয়েন্টে নেমে এসেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৭ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১ হাজার ১৫০ দশমিক ২১ পয়েন্টে এবং ব্লু-চিপ কোম্পানিগুলোর ডিএস-৩০ সূচক ১১ দশমিক ১৯ পয়েন্ট কমে ২ হাজার ১৬৪ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করছে।
দিনভর লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানি ও সিকিউরিটিজের মধ্যে ৭৭টির দাম বেড়েছে, ২৬৬টির কমেছে এবং ৪৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
এদিন ডিএসইতে মোট ২ লাখ ৪৭ হাজার ৭৮৩টি লেনদেন সম্পন্ন হয়। এতে ৩১ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার ৮৯৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৯৯৮ কোটি ১০ লাখ টাকার বেশি।
ক্যাটাগরিভিত্তিক হিসাবে ‘এ’ ক্যাটাগরির ১৯৮টি কোম্পানির মধ্যে ৪৬টির দাম বেড়েছে, ১২৯টির কমেছে এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৭৪টি কোম্পানির মধ্যে সাতটির দাম বেড়েছে, ৬৫টির কমেছে এবং ২টির দাম অপরিবর্তিত ছিল। ‘জেড’ ক্যাটাগরির ১১৮টি কোম্পানির মধ্যে ২৪টির দাম বেড়েছে, ৭২টির কমেছে এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে, মিউচ্যুয়াল ফান্ডের ৩৪টি ইউনিটের মধ্যে ১০টির দাম বেড়েছে, ১২টির কমেছে এবং ১২টির দাম অপরিবর্তিত রয়েছে। করপোরেট বন্ডের তিনটি ইস্যুর মধ্যে দু’টির দাম বেড়েছে এবং একটি কমেছে। সরকারি সিকিউরিটিজের (জি-সেক) তিনটি ইস্যুর সবকটির দাম কমেছে।