শিরোনাম

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস): ইসলামী সিকিউরিটিজ বাজারে বিনিয়োগকারীদের আরও ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের মধ্যে সুকুক বরাদ্দের হার পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
আজ কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক সার্কুলার অনুযায়ী, নতুন বরাদ্দ নীতি সরকার ও অন্যান্য যোগ্য প্রতিষ্ঠান কর্তৃক ইস্যু করা সুকুকের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নতুন ব্যবস্থায় ইস্যুকৃত সুকুকের ৫০ শতাংশ শরিয়াহভিত্তিক ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি ও বিমা কোম্পানির জন্য বরাদ্দ থাকবে। আরও ৩০ শতাংশ প্রচলিত ব্যাংকের ইসলামী শাখা ও উইন্ডোর জন্য সংরক্ষিত থাকবে।
ব্যক্তি বিনিয়োগকারীরা সুকুকের ১০ শতাংশের জন্য যোগ্য হবেন। বাকি ১০ শতাংশ প্রচলিত ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি ও বিমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড, করপোরেট প্রতিষ্ঠান, গ্র্যাচুইটি ফান্ড ও মিউচুয়াল ফান্ডসহ অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করা হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্ধারিত অনুপাত অনুযায়ী বিনিয়োগকারীদের মধ্যে সুকুক বরাদ্দ করা হবে। কোনো একটি শ্রেণির বিনিয়োগকারীর চাহিদা তাদের জন্য নির্ধারিত কোটার চেয়ে বেশি হলে, ওই শ্রেণির আবেদনকারীদের মধ্যে আনুপাতিক হারে সুকুক বরাদ্দ করা হবে।
সর্বশেষ জারি করা সার্কুলারের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগ থেকে ২০২৫ সালের ৪ আগস্ট জারি করা আগের সার্কুলার লেটারটি বাতিল করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, নতুন নির্দেশনা ‘অবিলম্বে কার্যকর’ হবে।