শিরোনাম

ঢাকা, ১৬ আগস্ট ২০২৬ (বাসস) : বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে তথ্যপ্রযুক্তি (আইসিটি), সাইবার নিরাপত্তা ও ফিনটেক খাতে যৌথ সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
আজ রোববার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিচিয়েনের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনা, বিনিয়োগ সহযোগিতা এবং প্রযুক্তি খাতে অংশীদারিত্ব জোরদারের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়। এ সময় বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বর্তমান বাণিজ্যের পরিমাণ সীমিত হলেও সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। বাংলাদেশের দ্রুত বিকাশমান আইসিটি খাত, দক্ষ তরুণ জনশক্তি ও ফ্রিল্যান্সারদের সক্ষমতাকে কাজে লাগিয়ে লিথুয়ানিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দক্ষিণ এশিয়ার বাজারে কার্যক্রম সম্প্রসারণ করতে পারে।
তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য। দেশে বিনিয়োগ প্রত্যাহার ও মুনাফা নিজ দেশে নেওয়ার প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে।
লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত বলেন, বিশ্বমানের লেজার প্রযুক্তি, গভটেক ও ফিনটেক সেবায় লিথুয়ানিয়া অগ্রগামী। বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, প্রযুক্তি উন্নয়ন এবং সাইবার নিরাপত্তা জোরদারে দেশটি অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা বিনিময়ে আগ্রহী।
তিনি আরও বলেন, দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে উঠলে প্রযুক্তি, উদ্ভাবন ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে।
বৈঠকে বাংলাদেশ-লিথুয়ানিয়া বাণিজ্য সম্প্রসারণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।