বাসস
  ১৫ আগস্ট ২০২৬, ১৭:৫৫

ব্র্যাক ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৫৭ শতাংশ

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : মুনাফা, পরিচালন দক্ষতা ও ব্যালেন্সশিটের সম্প্রসারণসহ প্রায় সব সূচকেই ২০২৬ সালের প্রথমার্ধে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক।

ব্যাংকটির প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের ৩০ জুন শেষে সব সহযোগী প্রতিষ্ঠানসহ সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪২৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ মুনাফা ছিল ৯০৬ কোটি টাকা। আর এককভাবে ব্র্যাক ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফাও ৬৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৩ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা আগের বছর ছিল ৬২০ কোটি টাকা।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাতউল্লাহ খান বলেন, চলতি বছরের প্রথমার্ধের এ সাফল্য ব্যাংকের ব্যবসায়িক মডেলের দৃঢ়তা, সুশাসন ও কার্যকর বাস্তবায়নের প্রতিফলন। গ্রাহকদের আস্থার কারণে ব্যাংকটি খাতের গড় প্রবৃদ্ধির তুলনায় বেশি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, সুশাসন, উদ্ভাবন, স্বচ্ছতা ও গ্রাহকসেবার সর্বোচ্চ মান বজায় রেখে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি ধরে রাখতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।