শিরোনাম

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ (বাসস): প্রাথমিক এক হিসাব অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সুইজারল্যান্ডের অর্থনীতি প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। দেশটির রাসায়নিক ও ওষুধশিল্পের শক্তিশালী কার্যক্রমের কারণে উচ্চ জ্বালানি ব্যয়ের চাপও সামলে উঠতে পেরেছে সুইস অর্থনীতি।
শুক্রবার প্রকাশিত প্রাথমিক হিসাব অনুযায়ী এ তথ্য জানা গেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। বছরের প্রথম প্রান্তিকে জিডিপি বেড়েছিল শূন্য দশমিক ৪ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকের এই প্রবৃদ্ধি বিশ্লেষকদের প্রায় শুন্য দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাসের তুলনায় অনেক বেশি।
অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘শিল্প খাত প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে রাসায়নিক ও ওষুধশিল্পের শক্তিশালী কার্যক্রম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।’
মন্ত্রণালয় আরও জানায়, সামগ্রিকভাবে সেবা খাতেও প্রবৃদ্ধি হয়েছে। তবে অর্থনীতির বিস্তারিত তথ্য আগামী ৩ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।
সুইজারল্যান্ডের নিয়োগকর্তাদের সংগঠন সুইসমেম সম্প্রতি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টারের সরঞ্জামের বাড়তি চাহিদার কারণে দেশটির শিল্পপ্রতিষ্ঠানগুলো লাভবান হচ্ছে।
এদিকে, মে মাসে প্রকাশিত বহুল পর্যবেক্ষিত ক্রয় ব্যবস্থাপকদের সূচক গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক সুইজারল্যান্ডের রপ্তানিতে প্রভাব ফেলছে।
সুইজারল্যান্ডের শুল্ক দপ্তর এর আগে জানিয়েছিল, দ্বিতীয় প্রান্তিকে দেশটির রপ্তানি ১ দদশমিক ৭ শতাংশ বেড়েছে। বছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছিল মাত্র শুন্য দশমিক ৩ শতাংশ।
জিডিপির তথ্য প্রকাশের পর ক্যাপিটাল ইকোনমিকসের এক বিশ্লেষক এক গবেষণা প্রতিবেদনে বলেন, প্রাথমিক লক্ষণগুলো ইঙ্গিত দিচ্ছে যে এই প্রবৃদ্ধির গতি তৃতীয় প্রান্তিকেও অব্যাহত থাকতে পারে।
গবেষণা প্রতিষ্ঠানটি তৃতীয় প্রান্তিকে সুইজারল্যান্ডের জিডিপি প্রান্তিক ভিত্তিক ১ দশমিক শুন্য শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে। তবে সাম্প্রতিক অর্থনৈতিক সূচকগুলো বলছে, প্রকৃত প্রবৃদ্ধি এর চেয়েও বেশি হতে পারে।