শিরোনাম

ঢাকা, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : এফবিসিসিআইয়ের আওতাধীন জয়েন্ট চেম্বারগুলোর দীর্ঘদিনের ভোটাধিকার-সংক্রান্ত বিষয়টি তুলে ধরে এ বিষয়ে ন্যায্য ও কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রশাসকের সহযোগিতা চাইলেন বিসিসিসিআইয়ের প্রতিনিধি দল।
বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) একটি প্রতিনিধিদল আজ এফবিসিসিআইয়ের নবনিযুক্ত প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ সহযোগিতা চান। বিসিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাজধানীর এফবিসিসিআই কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিসিসিসিআই সভাপতি নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, তার দক্ষ, নিবেদিতপ্রাণ ও গতিশীল নেতৃত্বে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করবে বলে তারা আশা করছেন। একই সঙ্গে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ায় সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে এফবিসিসিআই ও বিসিসিসিআইয়ের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়।
এ সময় বিসিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি এ. জেড. এম. আজিজুর রহমান, পরিচালক ক্যাপ্টেন আলাউদ্দিন আল আজাদ, সভাপতির উপদেষ্টা ফাইজুল আলম এবং নির্বাহী পরিচালক মো. আবু তাহের উপস্থিত ছিলেন।