বাসস
  ০৫ আগস্ট ২০২৬, ১৪:৩০

হরমুজ প্রণালী খুলে দেওয়ার আশায় তেলের দাম কমল, শেয়ারবাজারে নতুন রেকর্ড

ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ (বাসস) : হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শিগগিরই সমঝোতা হতে পারে- এমন আশাবাদে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। 

এদিকে এমন আশাবাদে বিশ্বের প্রধান কয়েকটি শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়ে ‘আজ অথবা আগামীকাল’ একটি চুক্তি হতে পারে। তার এ বক্তব্যের পরই বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত পাঁচ মাস ধরে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাসবাহী ট্যাংকার চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। তবে নতুন করে সমঝোতার সম্ভাবনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।

এর প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। ওয়াল স্ট্রিটের প্রধান তিনটি সূচকের মধ্যে দুটি নতুন রেকর্ড গড়েছে। ইউরোপে প্যারিস ও মিলানের প্রধান শেয়ার সূচক সর্বকালের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। ফ্রাঙ্কফুর্ট ও মাদ্রিদের সূচকও আগের দিনের রেকর্ড আরও বাড়িয়েছে।

এর আগে গত সপ্তাহে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগ এবং সেই বিনিয়োগ থেকে কবে অর্থনৈতিক সুফল মিলবেÑএ নিয়ে উদ্বেগের কারণে প্রযুক্তি খাতের শেয়ারে বড় ধরনের ওঠানামা দেখা গিয়েছিল।

এদিকে, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের প্রত্যাশার চেয়ে ভালো মুনাফা বিনিয়োগকারীদের আস্থা আরও জোরদার করেছে। এআইভিত্তিক ডেটা বিশ্লেষণ প্রতিষ্ঠান প্যালান্টির এবং ভারী যন্ত্রপাতি নির্মাতা ক্যাটারপিলার-এর শক্তিশালী আর্থিক ফলাফল বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। এতে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর তৈরি হওয়া অস্থিরতার মধ্যেও বড় প্রতিষ্ঠানগুলো পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবে।

বি. রাইলি ওয়েলথ ম্যানেজমেন্ট-এর বাজার বিশ্লেষক আর্ট হোগান বলেন, ‘হরমুজ প্রণালী নিয়ে এই প্রশাসনের কেউ ইতিবাচক কিছু বললেই বাজার কীভাবে প্রতিক্রিয়া জানায়, আজকের লেনদেন তারই বড় উদাহরণ।’ তিনি আরও বলেন, চলতি আয় মৌসুমে কোম্পানিগুলোর ‘অসাধারণ’ আর্থিক ফলাফলও বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতাকে শক্তিশালী করেছে।

তবে বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা এখনও সতর্ক অবস্থানে রয়েছেন। কারণ, এর আগেও যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে দ্রুত চুক্তির আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।

পরিস্থিতির অনিশ্চয়তার প্রমাণ মিলেছে মঙ্গলবারও। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন লাগে এবং একজন নাবিক নিখোঁজ হয়।

টিকমিল গ্রুপের বাজার কৌশলবিদ প্যাট্রিক মানেলি বলেন, ‘বাজার এখন ভূরাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করছে। তাৎক্ষণিকভাবে সামরিক সংঘাত আরও বাড়ার ঝুঁকি কিছুটা কমেছে। তবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কবে পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই।’

হরমুজ প্রণালীতে বিঘ্নের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় গত কয়েক মাসে তেলের দাম অনেক বেড়েছিল। এতে বিপি-র মতো বড় তেল কোম্পানিগুলো লাভবান হয়েছে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা দ্বিগুণেরও বেশি হলেও মঙ্গলবার লন্ডন শেয়ারবাজারে তাদের শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, এত ভালো ফলাফলের প্রত্যাশা আগেই ছিল।

এদিকে বিশ্বের অন্যতম বড় তেল কোম্পানি সৌদি আরামকো মঙ্গলবার জানিয়েছে, তাদের নিট মুনাফা ৪৪ শতাংশ বেড়েছে।

এপ্রিল-জুন প্রান্তিকে পশ্চিমা বিশ্বের পাঁচ বৃহৎ জ্বালানি প্রতিষ্ঠান- বিপি, শেভরন, এক্সনমোবিল, শেল এবং টোটালএনার্জিসÑমিলিয়ে প্রায় ৪৭ বিলিয়ন মার্কিন ডলার নিট মুনাফা করেছে।

অন্যদিকে, জ্বালানি বাজারের বাইরে জার্মানির বিমান সংস্থা লুফথানসা জানিয়েছে, জেট জ্বালানির দামের অস্থিরতা তাদের পুরো বছরের মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলবে। এ ঘোষণার পর কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ কমে যায়।