বাসস
  ০২ আগস্ট ২০২৬, ১৮:৪৭

আইসিএসবি’র উদ্যোগে ‘ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর উদ্যোগে আজ ঢাকাস্থ ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডে ‘ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬: পরিবর্তন, প্রভাব ও বাস্তব প্রয়োগ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সদস্য, কর্পোরেট কর্মকর্তা এবং পেশাজীবীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষকবৃন্দ ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬-এ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও কাস্টমস সংক্রান্ত পরিবর্তন এবং এর প্রভাব; ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬-এ আয়কর সংক্রান্ত পরিবর্তন এবং এর প্রভাব; উৎসে কর কর্তন (টিডিএস)-এর বাস্তব প্রয়োগ; উৎসে ভ্যাট কর্তন (ভিডিএস)-এর বাস্তব প্রয়োগ; ব্যক্তিগত আয়কর-এর বাস্তব প্রয়োগসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোকপাত করেন।

আইসিএসবি-এর সেক্রেটারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরীর স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আইসিএসবি-এর ট্রেজারার এবং প্রশিক্ষণের সমন্বয়কারী মো. মিজানুর রহমান। তিনি সময়োপযোগী এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং রিসোর্স পার্সনদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণের মূল উদ্দেশ্য তুলে ধরেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (কাস্টমস: নীতি) রেজাউল করিম, দ্বিতীয় সচিব (কর বিধি) মো. নাজমুল হোসেন, ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মো. আব্দুল আজিজ।

অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সাবেক কর কমিশনার মো. নুরুজ্জামান খান। প্রশিক্ষণ সেশন শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কিত প্রশ্ন উত্থাপন করেন এবং প্রশিক্ষকবৃন্দ সকল প্রশ্নের বিস্তারিত উত্তর প্রদান করেন।

প্রশিক্ষণে আইসিএসবি-এর সদস্য ও দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবীগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে আইসিএসবি-এর ভাইস প্রেসিডেন্ট মো. শরিফ হাসান  এফসিএস অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।