শিরোনাম

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর জাপানি মুদ্রা ইয়েনের মূল্য ধরে রাখতে যুক্তরাষ্ট্র ও জাপান যৌথভাবে হস্তক্ষেপ করেছে। প্রায় ৩০ বছরের মধ্যে এটিই এ ধরনের প্রথম যৌথ পদক্ষেপ বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত মাসে ডলারের বিপরীতে ইয়েনের মূল্য ১৬৩ দশমিক ২৪-এ নেমে যায়। এটি ছিল ১৯৮৬ সালের পর ইয়েনের সবচেয়ে দুর্বল অবস্থান।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, শুক্রবার নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক একটি ব্যতিক্রমী পদক্ষেপ নেয়। তারা মার্কিন ট্রেজারির পক্ষে ইউরো বিক্রি করে ইয়েন কেনে।
প্রতিবেদন অনুযায়ী, এই লেনদেন সম্পন্ন করা হয় গোল্ডম্যান স্যাকস এবং মরগান স্ট্যানলি-এর মাধ্যমে।
ওয়াশিংটনের এই পদক্ষেপের সময়ই গত সপ্তাহে ইয়েনের মূল্য দ্রুত বেড়ে যায়। এতে ধারণা তৈরি হয় যে জাপান সরকারও মুদ্রাবাজারে হস্তক্ষেপ করেছে।