শিরোনাম

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের সক্ষমতা বাড়াতে ‘এসএমই উদ্যোক্তাদের জন্য গণপ্রস্তাবের মাধ্যমে মূলধন সংগ্রহ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং এসএমই ফাউন্ডেশন যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে।
২৮ ও ২৯ জুলাই মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ৪০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধন করেন বিএসইসির কমিশনার মো. নাফিজ আল তারিক।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করে ব্যবসার পরিধি বাড়ানোর কৌশল বিষয়ে এ প্রশিক্ষণ উদ্যোক্তাদের সুস্পষ্ট ধারণা দেবে।
নাফিজ আল তারিক আরও বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করা গেলেও তা সাধারণত স্বল্পমেয়াদি এবং নিয়মিত কিস্তি ও সুদ পরিশোধের চাপ থাকে। অন্যদিকে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের মাধ্যমে দীর্ঘমেয়াদে ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়। এ বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনে এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান। তিনি বলেন, পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে উদ্যোক্তাদের বাস্তব ধারণা দেওয়ার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও বেশি উদ্যোক্তা পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এ কর্মশালায় অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অদূর ভবিষ্যতে নিজেদের প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার বিষয়ে তারা আগ্রহী।
কর্মশালায় বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড এবং ইস্যু ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের অভিজ্ঞ প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেন। দু’দিনের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।