বাসস
  ২৯ জুলাই ২০২৬, ১১:৫৪

এসকে হাইনিক্সের নিট মুনাফা বেড়েছে ১,২০০ শতাংশের বেশি

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে উন্নত মেমোরি চিপের ব্যাপক চাহিদার কারণে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান এসকে হাইনিক্স-এর  মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ১ হাজার ২৪২ শতাংশ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার জন্য হাই-ব্যান্ডউইডথ মেমোরি  চিপ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এসকে হাইনিক্স। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিনির্ভর অর্থনীতিতেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইচিয়নে সদর দপ্তর থাকা প্রতিষ্ঠানটি এই ফলাফলকে ‘সর্বকালের সর্বোচ্চ ত্রৈমাসিক পারফরম্যান্স’ হিসেবে উল্লেখ করেছে। এআই অবকাঠামোর জন্য ডেটা সেন্টার নির্মাণে বিশ্বব্যাপী প্রতিযোগিতা বাড়ায় প্রতিষ্ঠানটির ব্যবসায় এ ব্যাপক প্রবৃদ্ধি এসেছে।

বুধবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এসকে হাইনিক্স জানায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের নিট মুনাফা দাঁড়িয়েছে ৯৪ ট্রিলিয়ন ওন (প্রায় ৬৪ বিলিয়ন ডলার), যা কোম্পানিটির ইতিহাসে এক প্রান্তিকের সর্বোচ্চ মুনাফা। 

এসকে হাইনিক্স-এর মুনাফার এই ব্যাপক বৃদ্ধি বাজারে এআই খাতের মূল্যায়ন অতিরিক্ত বেড়ে গেছে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। 
খবর বার্তা সংস্থা এএফপি’র।

এআই মাইক্রোচিপ বিভাগের বিপণন প্রধান পার্ক জুন-দেওক বিনিয়োগকারী ও সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় বলেন, এআই অবকাঠামোতে বিনিয়োগের গতি কমে যাওয়া নিয়ে উদ্বেগের বিষয়টি তারা জানেন।

তিনি আরও বলেন, কিছু প্রতিষ্ঠান ডেটা সেন্টার নির্মাণের পরিবর্তে ভাড়া নেওয়ার বিষয়টি বিবেচনা করছে এবং এর ফলে কম মেমোরি ব্যবহারের সক্ষমতা সম্পন্ন নতুন ধরনের উচ্চ-দক্ষতা সম্পন্ন এআই প্রযুক্তির আবির্ভাব ঘটছে।

তবে পার্ক বলেন, এসব পরিবর্তন এআই বিনিয়োগ কমে যাওয়ার ইঙ্গিত নয়, বরং এখন পর্যন্ত তৈরি বিশাল এআই অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং তা থেকে আয় করার প্রক্রিয়ার অংশ।

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল থেকে জুন পর্যন্ত এসকে হাইনিক্সের পরিচালন মুনাফা গত বছরের তুলনায় ৫৫৭ শতাংশ বেড়ে ৬০ ট্রিলিয়ন ওন হয়েছে। 
নিট মুনাফার তুলনায় রাজস্বের পার্থক্যের পেছনে ছিল ফ্ল্যাশ মেমোরি নির্মাতা কিওক্সিয়ায় থাকা এসকে হাইনিক্সের ২০ ট্রিলিয়ন ওনের শেয়ার বিক্রি থেকে পাওয়া এককালীন আয়।

এসকে হাইনিক্স জানিয়েছে, চলতি বছর তারা প্রায় ৪০ ট্রিলিয়ন ওন বিনিয়োগ করার পরিকল্পনা করছে।

প্রতিষ্ঠানটি বলেছে, এআই প্রযুক্তি আরও জটিল হওয়ার সঙ্গে সঙ্গে বেশি ক্ষমতাসম্পন্ন হাই-ব্যান্ডউইডথ মেমোরির চাহিদা বাড়ছে, যার ফলে এ খাতে বিনিয়োগও সম্প্রসারিত হচ্ছে।

কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানোর কারণে অতিরিক্ত সরবরাহের অনুরোধও বাড়ছে।’

বিবৃতিতে আরও বলা হয়,  ‘এআই সেবা থেকে অর্জিত আয়ের মাধ্যমে এসব বিনিয়োগ সমর্থিত হওয়ায় মেমোরি চাহিদার গতি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।’

-যুক্তরাষ্ট্রে শেয়ারবাজারে তালিকাভুক্তি-

এসকে হাইনিক্সের মূল প্রতিষ্ঠান এসকে গ্রুপ শনিবার এনভিডিয়ার সঙ্গে এআই অবকাঠামোতে বিনিয়োগের জন্য নতুন ৫০০ বিলিয়ন ডলারের সহযোগিতা পরিকল্পনা ঘোষণা করেছে।

এর আগে চলতি মাসে এসকে হাইনিক্স যুক্তরাষ্ট্রের বাজারে আমেরিকান ডিপোজিটারি রিসিপ্ট (এডিআর) তালিকাভুক্তির মাধ্যমে ২৬ দশমিক ৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে, যা বিশ্বের অন্যতম বড় শেয়ার বিক্রির ঘটনা।

তবে বড় বিনিয়োগের পরও গত এক মাসে এসকে হাইনিক্স ও এর বড় দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারের দাম যথাক্রমে ৩৩ শতাংশ ও ৪১ শতাংশ কমেছে।

মঙ্গলবার, আর্থিক প্রতিবেদন প্রকাশের আগের দিন, এসকে হাইনিক্সের শেয়ার ১৪ শতাংশ কমে যায়।

কেবি সিকিউরিটিজের বিশ্লেষক কিম ডং-ওয়ন বলেন, এআই খাতের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিয়ে উদ্বেগ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে।

তবে তিনি পূর্বাভাস দিয়েছেন, তৃতীয় প্রান্তিকে মেমোরি চিপের দাম অন্তত ৩০ শতাংশ বাড়তে পারে এবং সরবরাহ সংকট ২০২৮ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

স্যামসাং ইলেকট্রনিকস বৃহস্পতিবার তাদের ত্রৈমাসিক আর্থিক ফল প্রকাশ করবে। প্রতিষ্ঠানটি এর আগে জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে তাদের পরিচালন মুনাফা গত বছরের তুলনায় ১ হাজার ৮০০ শতাংশ বাড়তে পারে।