শিরোনাম

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : মোনার্ক হোল্ডিংস লিমিটেডের স্টক ব্রোকার ও স্টক ডিলার নিবন্ধন সনদ নবায়নের বিষয়ে বিধিমালা অনুযায়ী সুনির্দিষ্ট সুপারিশ দিতে ব্যর্থ হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে ব্যাখ্যা তলবের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০২২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মোনার্ক হোল্ডিংস লিমিটেডের স্টক ব্রোকার ও স্টক ডিলার নিবন্ধন সনদ নবায়নের বিষয়ে ডিএসইর সুপারিশ পর্যালোচনায় দেখা যায়, ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০’- এর বিধি ৮(৩) অনুযায়ী নির্ধারিত ফরম ‘ছ’-এ প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে পূরণ না করেই ডিএসই নিবন্ধন সনদ নবায়নের পক্ষে ইতিবাচক সুপারিশ করেছে। কমিশনের মতে, এটি বিধিমালার পরিপন্থী এবং ডিএসইর নিয়ন্ত্রক দায়িত্ব পালনে স্পষ্ট ব্যর্থতার পরিচায়ক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি নিয়ে কমিশন ব্যাখ্যা চাইলে ডিএসই পরে প্রয়োজনীয় তথ্য ও পূরণকৃত ফরম ‘ছ’ জমা দিলেও নিবন্ধন সনদ নবায়নের পক্ষে বা বিপক্ষে কোনো সুনির্দিষ্ট নিয়ন্ত্রক সুপারিশ দেয়নি।
এ প্রেক্ষাপটে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, কেন ডিএসই বিধিমালা অনুযায়ী সুনির্দিষ্ট সুপারিশ দিতে ব্যর্থ হয়েছে সে বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা তলব করা হবে। একই সঙ্গে ব্যাখ্যা তলবের চিঠি পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে বিধিমালার আলোকে প্রয়োজনীয় তথ্য, বিশ্লেষণ ও নিয়ন্ত্রক মূল্যায়নসহ মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নিবন্ধন সনদ নবায়নের বিষয়ে একটি সুনির্দিষ্ট সুপারিশ কমিশনে পাঠাতে ডিএসইকে নির্দেশ দেওয়া হবে।