বাসস
  ২৮ জুলাই ২০২৬, ১৬:১৭

বৈশ্বিক লেনদেন বেড়ে যাওয়ায় মুনাফা বাড়ল ব্রিটিশ ব্যাংক বার্কলেসের

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস): বৈশ্বিক আর্থিক বাজারের অস্থিরতায় লেনদেন বেড়ে যাওয়ায় ব্রিটিশ ব্যাংক বার্কলেজের দ্বিতীয় প্রান্তিকের মুনাফায় বড় ধরণের প্রবৃদ্ধি হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত আয়-সংক্রান্ত প্রতিবেদনে বার্কলেজ জানিয়েছে, জুনের শেষ পর্যন্ত তিন মাসে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ বেড়ে ২৩০ কোটি পাউন্ডে পৌঁছেছে।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রধান নির্বাহী সি. এস. ভেঙ্কটাকৃষ্ণন বলেন, ২০২৬ ও ২০২৮ সালের সব আর্থিক ও শেয়ারহোল্ডারদের মধ্যে মুনাফা বণ্টন-সংক্রান্ত লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ ও আত্মবিশ্বাসী। একই সঙ্গে তিনি ১০০ কোটি পাউন্ডের নতুন শেয়ার পুনঃক্রয় কর্মসূচি ঘোষণা করেন।

প্রতিষ্ঠানটির মোট আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেড়ে ৮৩০ কোটি পাউন্ডে দাঁড়িয়েছে।

বার্কলেজের বিনিয়োগ ব্যাংক বিভাগের আয় ২০ শতাংশ বেড়ে প্রায় ৪০০ কোটি পাউন্ডে পৌঁছেছে। বৈশ্বিক বাজারে লেনদেন বৃদ্ধি ও বিনিয়োগ ব্যাংকিং ফি থেকে এ প্রবৃদ্ধি এসেছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে তেলের দামের বড় ওঠানামা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতির পরিবর্তনের কারণে বৈশ্বিক আর্থিক বাজারে অস্থিরতা বেড়েছে। এতে আর্থিক লেনদেনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।