শিরোনাম

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের আরোপিত বিভিন্ন পণ্যের শুল্কের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর কাছে আনুষ্ঠানিক পরামর্শ চেয়ে আবেদন করেছে ব্রাজিল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে।
চলতি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ব্রাজিলের ওপর দুই দফা শুল্ক আরোপ করেছে। পুনর্নির্বাচনে প্রার্থী বামপন্থি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এ পদক্ষেপকে নির্বাচনে হস্তক্ষেপ বলে অভিযোগ করেছেন।
সাও পাওলো থেকে এএপপি এ খবর জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘ব্রাজিল ২৭ জুলাই ডব্লিউটিওর বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শের জন্য আবেদন জমা দিয়েছে।’
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপকে ব্রাজিল আন্তর্জাতিক বাণিজ্য বিধির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং অযৌক্তিক বলে মনে করে।
চলতি মাসে যুক্তরাষ্ট্র ব্রাজিলের কয়েকটি পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করে। কথিত অন্যায্য বাণিজ্য চর্চার অভিযোগে ২৫ শতাংশ এবং কথিত জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়।
ডব্লিউটিও’র কাঠামোর আওতায় কোনো মামলায় বিচারিক প্যানেল গঠনের আগে অন্য দেশের সঙ্গে পরামর্শ চাওয়া প্রাথমিক ধাপ।
২০২৫ সালেও ব্রাজিল একই পদক্ষেপ নিয়েছিল। সে সময় সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলায় কারাদণ্ড দেওয়ার জেরে প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে ওয়াশিংটন ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল।
এবারের অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলসোনারোর ছেলে এবং ডানপন্থি প্রার্থী ফ্লাভিও বলসোনারো।
পরবর্তীতে প্রথম দফার শুল্কের বেশিরভাগই প্রত্যাহার করা হয়।
লুলার অভিযোগ, ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ফ্লাভিও বলসোনারো নির্বাচনে সুবিধা পেতে যুক্তরাষ্ট্রকে শুল্কের চাপ সৃষ্টি করতে উৎসাহিত করেছেন। তবে, এ অভিযোগ অস্বীকার করেছেন ফ্লাভিও বলসোনারো।
শনিবার কূটনৈতিক একটি সূত্র এএফপিকে জানায়, উত্তেজনাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের আগে ব্রাজিলের নির্বাচন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে চাওয়া যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার ভিসা প্রত্যাখ্যান করেছে ব্রাজিল।