বাসস
  ২৭ জুলাই ২০২৬, ২২:৩০

আগস্টে ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী রিহ্যাব সামার ফেয়ার-২০২৬

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ জুলাই ২০২৬ (বাসস): আগস্ট মাসে ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী রিহ্যাব সামার ফেয়ার-২০২৬। ১২-১৫ আগস্ট পর্যন্ত রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে দেশের আবাসন খাতের অন্যতম বৃহৎ আয়োজন। 

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়া-এর প্রথম সভা শেষে আজ সোমবার এ ঘোষণা দেওয়া হয়। 
রিহ্যাব সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক তাসনোভা মাহবুব সালাম।

সভায় তিনি স্ট্যান্ডিং কমিটির কর্মপরিকল্পনা তুলে ধরে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদার, রিহ্যাবের কার্যক্রমের ইতিবাচক প্রচার, ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিতি বৃদ্ধি, তথ্যভিত্তিক যোগাযোগ, গুজব প্রতিরোধ এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে দায়িত্বশীল ও ইতিবাচক গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি রিহ্যাবের কার্যক্রম আরও কার্যকরভাবে জনগণের কাছে তুলে ধরতে স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আসন্ন রিহ্যাব সামার ফেয়ার-২০২৬ সফলভাবে আয়োজন, ব্যাপক প্রচার-প্রচারণা, সংবাদমাধ্যমের সঙ্গে কার্যকর সমন্বয় এবং আবাসন খাতের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট (৩) এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার কো-চেয়ারম্যান তৌহিদা সুলতানা, এম. ছাখাওয়াত হোছাইন ও মোহাম্মদ মোবারক হোসেনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

রিহ্যাব জানায়, চার দিনব্যাপী এ মেলায় দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, আবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং আর্থিক খাতের প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় দর্শনার্থীরা একই ছাদের নিচে বিভিন্ন আবাসন প্রকল্প, ফ্ল্যাট, প্লট, গৃহঋণ সুবিধা এবং বিনিয়োগসংক্রান্ত তথ্য জানার সুযোগ পাবেন।