বাসস
  ২৫ জুলাই ২০২৬, ১৮:৫০

টেকসই অর্থায়ন ও কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড পেলো বিকাশ

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬ (বাসস) : জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ দু’টি বিভাগে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬’ অর্জন করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ আয়োজিত এই পুরস্কারের চতুর্থ আসরে বিকাশ ‘মোস্ট সাসটেইনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার ইন এমএফএস’ এবং ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন সাসটেইনেবল কমিউনিটি’ এই দুই বিভাগেই বিজয়ী হয়েছে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। বিকাশের পক্ষে প্রতিষ্ঠানটির ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান ইশতিয়াক শাহরিয়ার পুরস্কার গ্রহণ করেন।

প্রতিষ্ঠানটির সার্বিক কৌশল, কার্যক্রম এবং অংশীজনদের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনায় টেকসই উন্নয়নের নীতিকে অন্তর্ভুক্ত করার উদ্যোগের স্বীকৃতিস্বরূপ ‘মোস্ট সাসটেইনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার ইন এমএফএস’ বিভাগে বিকাশ এ পুরস্কার অর্জন করে।

এ ছাড়া সুন্দরবনের মৌয়ালদের জন্য ডিজিটাল লেনদেনের সুযোগ তৈরি করে বিকাশ। এর ফলে নৌপথে নগদ অর্থ বহনের ঝুঁকি কমেছে এবং মধ্যস্বত্বভোগীদের শোষণ থেকেও তারা মুক্তি পেয়েছেন।

মৌয়ালদের জীবিকা সুরক্ষার এই ব্যতিক্রমী উদ্যোগ তুলে ধরা ‘সাহসেই বিকাশ’ শিরোনামের প্রামাণ্যচিত্র ‘সাসটেইনেবল কমিউনিটি’ বিভাগে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন’ পুরস্কার অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।