শিরোনাম

ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ (বাসস): জাপানের ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত নতুন করে শুল্ক আরোপের মার্কিন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে দেশটির সরকার| ওয়াশিংটনের নতুন এই শুল্ক তালিকায় অন্য বাণিজ্যিক অংশীদারদের পাশাপাশি টোকিওকেও অন্তর্ভুক্ত করা হয়েছে|
জাপান সরকারের প্রধান মুখপাত্র মিনোরু কিহারা সাংবাদিকদের বলেন, ‘জাপানের শিল্প ও বাণিজ্য আন্তর্জাতিক নিয়ম মেনে পরিচালিত হয়| জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানিতে জাপানে নিষেধাজ্ঞা নেই— শুধু এই কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করায় আমরা অসন্তোষ প্রকাশ করছি|’
খবর বার্তা সংস্থা এএফপি’র|
কিহারা আরও বলেন, ‘গত বছরের চুক্তিটি সার্বজনীনভাবে কার্যকর থাকবে— এ বিষয়ে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অভিন্ন বোঝাপড়া রয়েছে| উভয় পক্ষই ওই চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ|’
তিনি জানান, যুক্তরাষ্ট্র জাপানের ওপর গত বছরের চুক্তির শর্তের বাইরে অতিরিক্ত কোনো শুল্ক আরোপ করবে না— এ বিষয়েও দুই দেশের মধ্যে অঙ্গীকার ব্যক্ত হয়েছিল| আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব|’
জোরপূর্বক শ্রমের অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্র বিশ্বের ৬০টি বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে| এর মাধ্যমে চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর নতুন ব্যবস্থা কার্যকর করা হলো|
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা বেশ কয়েকটি শুল্ক বাতিল করে| এরপর ট্রাম্প ভিন্ন আইনি ক্ষমতা ব্যবহার করে আমদানিপণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক পুনরায় চালু করেন| ওই শুল্কের মেয়াদ শুক্রবার শেষ হচ্ছে|
এর আগে জাপান যুক্তরাষ্ট্রে ২০২৯ সালের মধ্যে ৫৫০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়| এর বিনিময়ে যুক্তরাষ্ট্র জাপানি পণ্যের ওপর প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামানোর সিদ্ধান্ত নেয়| সুপ্রিম কোর্টের রায়ের পরও এই প্রতিশ্রুতি বহাল রয়েছে|
বৃহস্পতিবারের ঘোষণায় বলা হয়, যেসব দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করেছে বা তা করার প্রতিশ্রুতি দিয়েছে, তাদের ওপর তুলনামূলক কম ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে| এর মধ্যে রয়েছে কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ভারত ও যুক্তরাজ্য|
অন্যদিকে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং আরও বেশ কিছু দেশকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের আওতাভুক্ত করা হয়েছে|