শিরোনাম

ঢাকা, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) অনলাইন সার্ভিসের সার্ভিস চার্জ অব্যাহতির আবেদন, চার্জ সমন্বয় এবং সংশ্লিষ্ট কার্যক্রমে শৃঙ্খলা আনতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, সার্ভিস চার্জ অব্যাহতির আবেদন প্রতি মাসের তথ্যের ভিত্তিতে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে ব্যুরোতে পাঠাতে হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দিয়েছে।
সার্কুলারে বলা হয়, সিআইবি অনলাইন সার্ভিসের রেজিস্ট্রেশন ফি, অনলাইন প্রক্রিয়ায় প্রস্তুতকৃত সিআইবি রিপোর্টের সার্ভিস চার্জ আদায়, মাসিক ঋণতথ্য নির্ধারিত সময়ে আপলোডে ব্যর্থ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা এবং সিআইবি রিপোর্টে অন্তর্ভুক্ত ঋণতথ্যের গোপনীয়তা ভঙ্গের ঘটনায় জরিমানা আরোপ ও আদায়সংক্রান্ত বিদ্যমান নির্দেশনার কার্যকর বাস্তবায়নের অংশ হিসেবে এ নির্দেশনা জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে সার্ভিস চার্জ অব্যাহতির আবেদন পাঠাচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে সঠিক হিসাব যাচাই ছাড়া আবেদন করায় সার্ভিস চার্জ নির্ধারণে জটিলতা সৃষ্টি হচ্ছে। এছাড়া, সার্ভিস চার্জ কেটে নেওয়ার কয়েক মাস পর সমন্বয়ের আবেদন করায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, সার্ভিস চার্জ অব্যাহতির আবেদন প্রতি মাসের তথ্যের ভিত্তিতে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে ব্যুরোতে পাঠাতে হবে। নির্ধারিত সময়ের পর জমা দেওয়া আবেদন বিবেচনা করা হবে না।
এতে আরও বলা হয়, অব্যাহতির আবেদনে হিসাবগত অসঙ্গতি ধরা পড়লে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত আবেদন পুনরায় জমা দিতে হবে।
কর্তন করা সার্ভিস চার্জ নিয়ে কোনো আপত্তি থাকলে সিআইবির পাঠানো চিঠির তারিখ থেকে ১০ দিনের মধ্যে সমন্বয়ের আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর এ ধরনের আবেদন গ্রহণ করা হবে না।
এছাড়া, সার্কুলার জারির ১৫ দিনের মধ্যে ৩০ জুন ২০২৬ পর্যন্ত সময়ের বকেয়া অব্যাহতির আবেদন ব্যুরোতে জমা না দিলে সেগুলোও আর বিবেচনায় নেওয়া হবে না।
সার্কুলারে উল্লেখ করা হয়, ৪ মে ২০১১ তারিখে জারি করা সিআইবি সার্কুলার নং-০২/২০১১-এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।