বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৩

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিত না করা গেলে দেশ এবং সমাজ পিছিয়ে যাবে।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এ কথা বলেন তিনি।

রুহুল কবীর রিজভী বলেন, ক্রীড়া হচ্ছে এমন একটি আনন্দিত বিষয়,   যেকোনো মানুষকে তার দুঃখের মধ্যেও আনন্দ দিতে পারে। যখন একটি জাতির শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা তাদের নৈপুণ্য দেখায় তখন সমগ্র জাতির মন আনন্দে ভরে ওঠে। আন্তর্জাতিক ক্ষেত্র তাদের সাফল্যের কথা যখন আমরা জানতে পাই, তখন আমাদের মনটা আনন্দে ভরে ওঠে এবং মনে হয়, আমরা পিছিয়ে পড়া জাতি নই।

রুহুল কবীর রিজভী আরও বলেন, ‘আমরা জানি, আমাদের সমাজে অনেক বাধা আছে। কিন্তু পৃথিবীর প্রগতির সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের মেয়েদেরকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে খেলাধুলার সেক্টরে। মেয়েদের মধ্যে একজন শ্রেষ্ঠ ক্রীড়াবিদ পেলে বিশ্বের দরবারে আমাদের আরও মাথা উঁচু হবে। অন্যান্য সেক্টরের নারীদেরও উজ্জীবিত করে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রতিটি ক্ষেত্রেই নারী-পুরুষকে সমানভাবে এগিয়ে যেতে হবে। অন্যথায় আমরা পিছিয়ে যাবো। আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়টি জোরালোভাবে অনুধাবন করেছেন। এজন্য তিনি ‘নতুন কুড়ি’ স্পোর্টস করেছেন। যোগ্য ব্যক্তিকে সম্মান দেখাতে হবে। প্রতিটি মহানগর, জেলায় জেলায় এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

আমাদের জনসংখ্যার অর্ধেক নারী, কিন্তু ক্রীড়ায় তাদের অংশগ্রহণ যদি মাত্র পাঁচ ভাগ বা ১০ ভাগ হয়, তবে সমাজ এগিয়ে যেতে পারবে না। আমরা পিছিয়েই থাকবো। নারীদের অংশীদারিত্ব সর্বত্র সমান থাকতে হবে। নারীদেরকে খেলাধুলার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে হবে, সুনাম অর্জন করতে হবে। 

বাংলাদেশে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে জানান তিনি।  

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, উগ্র রক্ষণশীলতা, ধর্মান্ধতা এবং জান্নাতের টিকেট বিক্রয়কারী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নিয়ে যেতে মেয়েদের খেলাধুলার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যেই বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা এবং সংরক্ষিত মহিলা আসনের এমপি ফরিদা খানম।

উল্লেখ্য, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশের কিশোরী ফুটবলারদের সামনে আন্তর্জাতিক ফুটবলের নতুন দরজা খুলছে। এই প্রথম আয়োজিত হয়েছে আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতা।

দেশের আট বিভাগের ১৬ জেলার প্রায় ৩০০ কিশোরী প্রতিযোগিতায় অংশ নেবে। জেলাগুলো হলো-টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ময়মনসিংহ, নেত্রকোণা, সাতক্ষীরা, খুলনা, জয়পুরহাট, রাজশাহী, মৌলভীবাজার, সিলেট, পিরোজপুর ও রংপুর।