শিরোনাম

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : নারী আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা।
টি-টোয়েন্টি ভার্সনে চলমান নারী এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ১২৪ রানের ইনিংস খেলার পথে স্বদেশি সাবেক ক্রিকেটার মিতালি রাজকে পেছনে ফেলে সর্বোচ্চ রানের মালিক হন মান্ধানা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের হংকংয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান করে ভারত। ওপেনার হিসেবে ব্যাট হাতে নেমে ১৪টি চার ও ৭টি ছক্কায় ৬৪ বলে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মান্ধানা।
তিন সংস্করণ মিলিয়ে মান্ধানার রান এখন ১০ হাজার ৮৮০। অবসর নেওয়ার আগ পর্যন্ত মিতালি করেছিলেন ১০ হাজার ৮৬৮ রান।
টি-টোয়েন্টিতে ৪ হাজার ৬৮১, ওয়ানডেতে ৫ হাজার ৪১১ এবং টেস্টে ৭৮৮ রান করেছেন মান্ধানা।
২০২২ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা মিতালি টেস্টে ৬৯৯, ওয়ানডেতে ৭ হাজার ৮০৫ এবং টি-টোয়েন্টিতে ২ হাজার ৩৬৪ রান করেছেন।
এক্ষেত্রে তৃতীয় সর্বোচ্চ ১০ হাজার ৭৪০ রান করেছেন নিউজিল্যান্ডের সুজি বেটস।
হংকংয়ের বিপক্ষে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ১৮তম সেঞ্চুরি পূর্ণ করেন মান্ধানা। এতে সর্বোচ্চ শতকের মালিকও হন তিনি। এত দিন ১৭ সেঞ্চুরি নিয়ে যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মেগ ল্যানিং এবং দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।
মান্ধানার রেকর্ড গড়া ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৩ রান করে ভারত। জবাবে হংকং ৫৬ রানে অলআউট হয়। ভারত ম্যাচ জিতে ১৩৭ রানে।