বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৬

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টেও নেই কার্স

ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বার্মিংহামে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ডের দলে জায়গা হয়নি পেসার ব্রাইডন কার্সের। 

গত ২২ আগস্ট ডার্বির একটি নাইটক্লাবের বাইরে একটি মারামারির ঘটনায় কার্সকে সাময়িকভাবে গ্রেপ্তার করে পুলিশ। এতে লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন এই ডারহাম পেসার। 
পুলিশি তদন্ত চলমান থাকায় তৃতীয় টেস্টেও কার্সকে বিবেচনা করা হয়নি। ডার্বিশায়ার পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়সি কার্সের বিরুদ্ধে তদন্ত চলছে। 

কার্সের বদলি হিসেবে দ্বিতীয় টেস্টের দলে জায়গা পেয়েছিলেন হ্যাম্পশায়ারের ২৩ বছর বয়সি পেসার সনি বেকার। শেষ টেস্টের দলেও রাখা হয়েছে তাকে।  

লর্ডস টেস্টের দল থেকে বাদ পড়েছেন কেবল ম্যাথু ফিশার। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার জন্য ফিশারকে স্কোয়াড থেকে রিলিজ করা হয়েছে।

লিডসে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ১০৩ রানে জিতেছিল ইংল্যান্ড। লর্ডসে পরের টেস্ট ৯৪ রানে জিতে সিরিজ নিশ্চিত করেছে  ইংলিশরা। 

এজবাস্টনে ৯ সেপ্টেম্বর থেকে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে। 

তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, শোয়েব বশির, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, এমিলিও গে, ড্যান লরেন্স, ওলি পোপ, ওলি রবিনসন ও জশ টাং।