শিরোনাম

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ছয় ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ব্যাটার মার্নাস লাবুশেন।
পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দুই সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন লাবুশেন। ঐ দুই সিরিজে ৬ ইনিংসে মাত্র ১টি হাফ-সেঞ্চুরিতে ১০৯ রান করেছেন তিনি। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন লাবুশেন।
প্রায় ২২ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন তিনি। জিম্বাবুয়ে সফরে দলের দায়িত্ব পালন করবেন মিচেল মার্শ।
কামিন্সের মত শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন পেসার মিচেল স্টার্ক। তবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সিরিজে খেলবেন দলের আরেক পেসার জশ হ্যাজেলউড।
পেস আক্রমণে আর থাকছেন স্পেনসার জনসন ও বিলি স্ট্যানলেক। ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন জনসন। সম্প্রতি বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন তিনি। তিন ইনিংসে ৩ উইকেট নেন জনসন। গেল বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ ওয়ানডে খেলেছেন এই বাঁ-হাতি পেসার। ২০২৩ সালে অভিষেকে পর ৫ ওয়ানডেতে ৪ উইকেট শিকার করেন তিনি।
সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘ সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন স্ট্যানলেক। ঐ সিরিজে মাত্র ১টি ম্যাচ খেলেন তিনি। ২০১৭ সালে অভিষেকের পর ৮ ওয়ানডেতে ৭ উইকেট শিকার করেছেন স্ট্যানলেক।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার জোয়েল ডেভিস। লিস্ট ‘এ’ ক্রিকেটে মাত্র তিন ম্যাচ খেলে ওয়ানডে দলে সুযোগ পেলেন এই বাঁ-হাতি স্পিনার। গত জুনে বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয় তার। ৩ ইনিংসে ৪ উইকেট নেন ২২ বছর বয়সি এই ক্রিকেটার।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে জিম্বাবুয়ে এবং ২৪ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া।
জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স (দক্ষিণ আফ্রিকা সফর), মিচেল স্টার্ক (দক্ষিণ আফ্রিকা সফর), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মিচেল মার্শ, ওলিভার পিক, ম্যাট রেনশ, বিলি স্ট্যানলেক, এডাম জাম্পা।