বাসস
  ০৫ মে ২০২৬, ২১:৩৪

‘নতুন কুঁড়ি’র চতুর্থ দিন : মাঠে পটিয়ার মাইরিনের গোলবন্যা, বল হাতে সাকিবুলের ঘূর্ণি জাদু

ছবি : বাসস

ঢাকা, ৫ মে ২০২৬ (বাসস) : সারাদেশে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের মহোৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর চতুর্থ দিন মাঠ মাতিয়েছেন চট্টগ্রাম ও ঝিনাইদহের দুই খুদে বিস্ময়। ফুটবলে পটিয়ার মাইরিন আক্তারের হ্যাটট্রিক এবং ক্রিকেটে ঝিনাইদহের সাকিবুল হাসানের অবিশ্বাস্য বোলিং পারফরমেন্স করেছেন। 

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বালিকা ফুটবলে একক আধিপত্য দেখিয়েছে পটিয়া উপজেলা দল। দশম শ্রেণীর শিক্ষার্থী মাইরিন আক্তারের নৈপুণ্যে পটিয়ার খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫-০ গোলে হারায় হাটহাজারী উপজেলাকে। চলতি আসরে প্রথম হ্যাটট্রিক করেন তিনি। 

অন্যদিকে, ঝিনাইদহে ক্রিকেট ইভেন্টে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন সাকিবুল। কালীগঞ্জ উপজেলার স্পিনার সাকিবুলের ঘূর্ণির কাছে হার মানে কোটচাঁদপুর উপজেলা। ২ ওভার বল করে ১টি মেডেনসহ মাত্র ৫ রান খরচায় হ্যাটট্রিকসহ ৬টি উইকেট শিকার করেন সাকিবুল। 

সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সাকিবুলের বোলিং তোপে ১০ ওভারে মাত্র ৪৮ রান তুলে কোটচাঁদপুর। জবাবে বিনা উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কালীগঞ্জ উপজেলা। এই জয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে কালীগঞ্জ উপজেলা।

সাকিবুল ঝিনাইদহের কালীগঞ্জ থানার নলডাঙ্গা এলাকার পাইকপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম ও গৃহিণী পারভীনা খাতুনের সন্তান। গ্রামীণ জনপদ থেকে উঠে আসা এই দুই প্রতিভার এমন সাফল্যে উচ্ছ্বসিত আয়োজকরা। 

দেশের ৬৪টি জেলায় একযোগে চলা এই প্রতিযোগিতার মাধ্যমে মাইরিন ও সাকিবুলদের মতো প্রতিভাবানরা আগামীতে জাতীয় পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে বলে ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করেন।