বাসস
  ১৮ জুন ২০২৬, ১৯:৫৭
আপডেট : ১৮ জুন ২০২৬, ২০:২১

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি : পিএমও

ঢাকা, ১৮ জুন, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আজ বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ হোসেন স্বাধীন এ কথা জানিয়েছেন।

ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা ব্যক্ত করেন।

বৈঠকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ খাতে ব্রিটিশ সরকারের সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়, যা দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

ছবি : পিএমও

শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পর এভিয়েশন খাতে ব্রিটিশ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।