বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ১৮:৩৯

নাটোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচী বাস্তবায়নে প্রস্তুতি সভা

ছবি : বাসস

নাটোর, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচী বাস্তবায়নে আজ নাটোর জেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আটটি ইভেন্টে ‘নতুন কুড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে। এরমধ্যে দলগত ইভেন্টে ফুটবল, ক্রিকেট এবং কাবাডি, দ্বৈত ও একক ইভেন্টে ব্যাডমিন্টন এবং একক ইভেন্টে দাবা, এ্যাথলেটিকস, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিবন্ধন আগামী ২৪ এপ্রিল পর্যন্ত চলবে। জেলার সাতটি উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই করা হবে ২৬ ও ২৭ এপ্রিল। আগামী ২ মে নাটোর জেলা স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে জেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হবে।

সভায় জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী, জেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচী বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।