শিরোনাম

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ভারপ্রাপ্ত অধিনায়ক লরকান টাকারের ঝড়ো হাফ-সেঞ্চুরির সাথে গ্যারেথ ডিলানি ও জিওর্জি ডকরেলের ক্যামিও ইনিংসের কল্যাণে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে প্রথম জয়ের স্বাদ পেয়েছে আয়ারল্যান্ড।
আজ ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ৫ উইকেটে ২৩৫ রানের পাহাড় গড়ে ওমানকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ড। এরমধ্যে শেষ ৪ ওভারে ৮৫ রান তুলে আইরিশরা। টাকার ৫১ বলে ৯৪ রান, ডিলানি ৩০ বলে ৫৬ এবং ডকরেল ৯ বলে ৩৫ রান করেন।
কলম্বোতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অষ্টম ওভারে ৬৪ রানে ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড। এরমধ্যে ৩ উইকেট নেন ওমানের স্পিনার শাকিল আহমেদ।
পঞ্চম উইকেটে জুটি বেঁধে ওমান বোলারদের উপর ঝড় তুলেন টাকার ও ডিলানি। ৫৬ বলে ১০১ রানের জুটি গড়েন তারা। এই জুটিতে ৩টি চার ও ৪টি ছক্কায় ৩০ বলে ৫৬ রান অবদান রেখে ফিরে যান ডিলানি। ১৬তম ওভার শেষে আয়ারল্যান্ডের রান ছিল ৪ উইকেটে ১৪৯ রান। শেষ ৪ ওভারে ৮৫ রান তুলে আইরিশরা।
১৮ তম ওভারে ৩টি ছক্কা ও ২টি চারে ২৬ রান তুলেন টাকার। পরের ওভারে টাকার ও ডকরেল মিলে যোগ করেন ২১ রান। আর শেষ ওভারের শেষ তিন বলে তিন ছক্কায় ২১ রান যোগ করেন ডকরেল। এতে ২০ ওভারে ৫ উইকেটে ২৩৫ রানের বড় সংগ্রহ পায় আয়ারল্যান্ড। নিজেদের টি-টোয়েন্টিতে এটি সর্বোচ্চ দলীয় রান আয়ারল্যান্ড। এমনকি চলতি বিশ্বকাপেও এটি সর্বোচ্চ দলীয় রান।
টাকার ১০টি চার ও ৪টি ছক্কায় ৫১ বলে অপরাজিত ৯৪ রান করেন। শেষ দিকে ৫টি ছক্কায় ৩৮৮.৮৮ স্ট্রাইক রেটে ৯ বলে অপরাজিত ৩৫ রান করেন।
জবাবে আয়ারল্যান্ডের বোলিং তোপে ১৮ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ওমান। ২৪ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ৪৯ বলে ৭৩ রান যোগ করেন আমির কালিম ও হাম্মাদ মির্জা। তাদের বিদায়ের পর ওমানের হয়ে আর কোন ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি।
৫টি চার ও ২টি ছক্কায় ২৯ বলে ৫০ রান করেন কালিম। ৩৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন মির্জা। আয়ারল্যান্ডের জশ লিটল ১৬ রানে ৩টি, ম্যাথু হ্যামফ্রিজ ও ব্যারি ম্যাককার্থি ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন লরকান।
প্রথম দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেল আয়ারল্যান্ড। হ্যাটট্রিক হারে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিল ওমান।