শিরোনাম

ঢাকা, ৬ মার্চ ২০২৬ (বাসস) : বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বান্দরবানে শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় গতকাল বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এসময় বান্দরবান জেলা ফুটবল ফেডারেশনের আহ্বায়ক মো. জাবেদ রেজা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্ত, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের উদ্ধোধনী ম্যাচে বান্দরবান জেলা দল ২-০ গোলে হারায় রাঙামাটি জেলা দলকে। এছাড়া, আরেক ম্যাচে চট্টগ্রাম জেলা দল ৩-০ গোলে হারায় খাগড়াছড়ি জেলা দলকে।
আয়োজকেরা জানান, বাফুফের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় কর্ণফুলী অঞ্চলে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজারসহ ৮টি জেলা ফুটবল দল অংশ নিচ্ছে।
আগামী ১৪ মার্চ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।