শিরোনাম

ঢাকা, ৬ মার্চ ২০২৬ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া অল স্টার্স একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ (জাতীয় দল)। পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতিমূলক এ ম্যাচের জন্য আজ ১৫ সদস্যের বিসিএল অল স্টার্স স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিএল অল স্টার্স দলকে নেতৃত্ব দেবেন আকবর আলি। দলে আছেন জাতীয় দলে থাকা সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন ও তানভির ইসলাম।
এছাড়াও আছেন বিসিএলে দারুণ পারফরমেন্স করা মোসাদ্দেক হোসেন, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, রিপন মন্ডল, জিসান আলমরা।
আগামীকাল ৭ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য গতকাল বাংলাদেশ জাতীয় দল ঘোষণা করেছে বিসিবি।
আগামী ১১ মার্চ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে- ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বিসিএল অল স্টার্স দল : আকবর আলী (অধিনায়ক), নাইম শেখ, সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম রবিন, পারভেজ ইমন, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক সৈকত, তানভির ইসলাম, রিপন মন্ডল, সৈয়দ খালেদ আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, রবিউল হক, রাকিবুল হাসান, জিসান আলম, নাইম হাসান।
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।