বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪১

চোট সত্ত্বেও বিশ্বকাপের জন্য টার স্টেগানের ওপর আস্থা রাখলেন নাগেলসম্যান

ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানের সাম্প্রতিক চোটের পরও আসন্ন বিশ্বকাপের আগে তার ফিট হয়ে ওঠা নিয়ে আস্থা রেখেছেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান।

বার্সেলোনা থেকে আরও বেশি ম্যাচ খেলার আশায় ছয় মাসের ধারে জিরোনায় যোগ দিয়ে শনিবার দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন ৩৩ বছর বয়সী টার স্টেগান। কিন্তু ওই ম্যাচেই উরুর পেশিতে চোট পান তিনি।

জিরোনা এক বিবৃতিতে জানিয়েছে, টার স্টেগানকে আরও পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তবে ধারণা করা হচ্ছে, এই চোটের কারণে তাকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে, যার মধ্যে রয়েছে মার্চে সুইজারল্যান্ড ও ঘানার বিপক্ষে জার্মানির দুটি প্রীতি ম্যাচও।

এ সম্পর্কে নাগলেসম্যান বলেন, “এটা সত্যিই দারুন হতাশার। মার্ক মাত্রই ফিরেছিল এবং ভালো পথেই এগোচ্ছিল। আমরা জাতীয় দলে তার ফেরার অপেক্ষায় ছিলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনও বাড়তি চাপ ছাড়াই সে যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। আমরা সবাই তার পাশে আছি।”

দীর্ঘদিন বিশ্বকাপজয়ী ম্যানুয়েল নয়্যারের পেছনে জার্মানির দ্বিতীয় পছন্দের গোলরক্ষক ছিলেন টার স্টেগান। ২০২৪ সালে নয়্যারের অবসরের পর তিনি মূল গোলরক্ষকের দায়িত্ব নেন, কিন্তু এরপর একের পর এক চোট তাকে ভোগাচ্ছে।

গত মৌসুমের বড় একটা সময় হাঁটুর চোটে খেলতে পারেননি। চলতি মৌসুমে পিঠের সমস্যার কারণে মাঠের বাইরে ছিলেন।

এই চোটের ধারাবাহিকতাই তাকে বার্সেলোনা ছাড়তে বাধ্য করেছে। ২০১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই গোলরক্ষক সেখানে হুয়ান গার্সিয়া ও ওজিচে সিজিসনির পেছনে তৃতীয় পছন্দে নেমে গিয়েছিলেন।

নাগেলসম্যান ও জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) ক্রীড়া পরিচালক রুডি ফোলার বারবারই বলেছেন, ফিট থাকলে টার স্টেগানই জার্মানির প্রথম পছন্দ। তবে বিশ্বকাপের আগে নিয়মিত ম্যাচ খেলার প্রয়োজনীয়তার কথাও তারা জোর দিয়ে উল্লেখ করেছেন।

টার স্টেগানের অনুপস্থিতিতে হফেনহেইমের গোলরক্ষক অলিভার বোমান দায়িত্ব পালন করছেন। তবে জাতীয় দলে নয়্যারের ফেরার দাবিও জোরালো হচ্ছে।

২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপ জয়সহ চারটি বিশ্বকাপ খেলেছেন অভিজ্ঞ নয়্যার। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় ১১ জুন শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের সময় তার বয়স হবে ৪০।

নয়্যার এখনও ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখের অধিনায়ক এবং চলতি মৌসুমে বুন্দেসলিগার ২০ ম্যাচের মধ্যে ১৬টিতেই খেলেছেন তিনি।